২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়েকজনের জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম: ডিএমপি কমিশনার

‘ডিএমপিতে ৩৪ হাজার সদস্যের ত্যাগের বিনিময়ে ঢাকা মহানগরীর দুই কোটি মানুষ আরামে ঘুমাতে পারে,” বলছেন ঢাকার পুলিশ প্রধান।

দুয়েকজনের জন্য পুরো পুলিশ বাহিনীর বদনাম: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের ঈদ পুনর্মিলনীতে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 07:47 PM

Updated : 25 Apr 2023, 07:53 PM

ঈদের আগে ঢাকা নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সময় পুলিশের ভূমিকার প্রশংসা করে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দুয়েকজন পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হয়।

কারও ‘খারাপ কাজের দায়িত্ব’ পুলিশ বাহিনী নেবে না বলেও সদস্যদের হুঁশিয়ার করেছেন তিনি।

মঙ্গলবার মহানগর পুলিশের সদরদপ্তরে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীতে বক্তব্য দিচ্ছিলেন গোলাম ফারুক।

তিনি বলেন, “মানবতার চেয়ে বড় ধর্ম পৃথিবীতে নাই। সম্প্রতি ঢাকায় নিউ সুপার মার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা তিন-চার তলা থেকে বড় বড় কাপড়ের বস্তা মাথায় করে নিচে নিয়ে আসে। সারা দেশের মানুষ পুলিশের এই কাজের প্রশংসা করেছে।

“এ রকম সুযোগ বারবার আসে না, এগুলো মনে রাখতে হবে। আবার দুয়েকজন পুলিশ সদস্যের জন্য পুরো বাহিনীর বদনাম হয়। এই খারাপ কাজের দায়িত্ব পুলিশ বাহিনী নেবে না। এজন্য সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

পুলিশ কমিশনার বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় এক কোটি ২৫ লাখ নগরবাসী গ্রামের বাড়িতে গেছেন। তাদের বাসা-বাড়ির নিরাপত্তার দায়িত্ব ছিল পুলিশের কাঁধে।

“পুলিশ সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে। ফাঁকা ঢাকায় এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি। এ সফলতার সম্পূর্ণ কৃতিত্ব টিম ডিএমপির।”

ঈদের ছুটিতে খুব অল্প সংখ্যক পুলিশ সদস্য ছুটিতে গেছেন, অধিকাংশই যেতে পারেননি, সে কথা তুলে ধরে গোলাম ফারুক বলেন, এটা পুলিশের চাকরির বৈশিষ্ট্য, এইটুকু ত্যাগ স্বীকার করতে হবে।

“ডিএমপিতে ৩৪ হাজার সদস্যের ত্যাগের বিনিময়ে ঢাকা মহানগরীর দুই কোটি মানুষ আরামে ঘুমাতে পারে। পরিবার-পরিজন নিশ্চিন্তে বাসায় রেখে নির্বিঘ্নে যাতায়াত করে অফিস-আদালত করতে পারে।

“এবার রমজানে প্রচণ্ড তাপদাহ ছিল। যেখানে আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকলে শরীরের রক্ত ঘাম হয়ে যায়, সেখানে ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা রোজা রেখে প্রচণ্ড গরমের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেছেন, এটাই হল পুলিশের ত্যাগ।”

মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার  এ কে এম হাফিজ আক্তার, খ. মহিদ উদ্দিন, মহা. আশরাফুজ্জামান মো. মুনিবুর রহমান, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ হারুন অর রশীদ এবং যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।