১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জলে ভেসে ঈদ, জিম্মি সহকর্মীদের জন্য প্রার্থনা

“এমভি আবদুল্লাহ থেকে জানিয়েছে, তাদের সারাক্ষণ বন্দুকের নলের মুখে পাহারা দেওয়া হয়। বন্দুকের নলের মুখে মানুষ কতটা ভালো থাকতে পারে, সেটা যেন আমরা বুঝতে পারি, সেই অনুরোধও তারা করেছেন।”

জলে ভেসে ঈদ, জিম্মি সহকর্মীদের জন্য প্রার্থনা

ইন্দোনেশিয়া উপকূলে 'এমভি ইব্রাহিম জাহান' এর ডেকে ঈদের নামাজ শেষে সেলফি তোলার এই ছবি শেয়ার করেছেন জাহাজের চিফ অফিসার মাহফুজুর রহমান টিটু।

গোলাম মর্তুজা অন্তু গোলাম মর্তুজা অন্তু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2024, 04:42 PM

Updated : 10 Apr 2024, 04:42 PM

চট্টগ্রামের এসআর শিপিং-এর জাহাজ 'এমভি ইব্রাহিম জাহান' এখন ইন্দোনেশিয়া উপকূলে নোঙর করে আছে কয়লা তোলার জন্য। জাহাজের ২৪ জন বাংলাদেশি নাবিক সেখানেই ঈদ উদযাপন করছেন, নামাজও পড়েছেন। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি সহকর্মীদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন ঈদের নামাজে।

এস আর শিপিং-এর আরেকটি জাহাজ এমভি আবদুল্লাহ এবং ২৩ নাবিককে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে সোমালি জলদস্যুরা। গত এক মাস ধরে তারা আছেন বন্দিদশায়।

একই কোম্পানির জাহাজ এমভি ইব্রাহিম জাহানের চিফ অফিসার মাহফুজুর রহমান টিটুর বাড়ি ঠাকুরগাঁও জেলায়। জাহাজীর পেশায় এর মধ্যেই পার করে ফেলেছেন অনেকগুলো বছর। সকালে নিজের ফেইসবুক পাতায় জাহাজে ঈদের নামাজ পড়ার ছবি দিয়েছেন।

সেই ছবি দেখে যোগাযোগ করা হলে মাহফুজুর বলেন, তারা ইন্দোনেশিয়ার একটি অ্যাংকোরেজে অবস্থান করছেন কয়লা ‘লোড করার’ জন্য। কয়লা নিয়ে তারা যাবেন ভিয়েতনামে। ইন্দোনেশিয়ার সময়সূচি অনুযায়ী বুধবার তারা ঈদ উদযাপন করছেন।

Image

ইন্দোনেশিয়া উপকূলে 'এমভি ইব্রাহিম জাহান' এর ডেকে ঈদের নামাজ শেষে কোলাকুলি। ছবি: মাহফুজুর রহমান টিটু

ঈদ কীভাবে কাটছে জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, “আমরা এখানে ২৪ জন বাংলাদেশি আছি। মা-বাবা আত্মীয় পরিজন ছেড়ে আমরাই আমাদের আত্মীয়।

“আমাদের কোম্পানিরই আরেকটি জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালি জলদস্যদের হাতে জিম্মি হয়ে আছে। ওই জাহাজের কর্মীদের অনেকেই এখানকার কর্মীদের বন্ধু, পরিচিত। বন্ধুরা জিম্মি থাকায় এখানকার অনেকের মন খারাপ। তবুও ঈদ এসেছে, জলে ভেসে থেকেও আমাদের উদযাপন করতে হবে।”

ইব্রাহিম জাহানের চিফ অফিসার জানালেন, সকালে উঠে পায়জামা পাঞ্জাবি পরে জাহাজের ডেকে শতরঞ্জি বিছিয়ে নামাজ পড়েছেন তারা।

“আমাদের একজন সহকর্মী ফায়ারম্যান, তিনি নামাজ পড়ালেন, খুতবাও দিলেন। নামাজ শেষ আমরা সকলের জন্য দোয়া করলাম, বিশেষ করে আমাদের জিম্মি হয়ে থাকা বন্ধু ও সহকর্মীদের জন্য। আমরা তো তবু জাহাজে উদযাপন করতে পারছি, তারা আছে বন্দুকের নলের মুখে। তাদের যারা পাহারা দিচ্ছে, সবার হাতে একে ৪৭ বন্দুক।”

Image

জলে ভাসা ঈদ, মেন্যুতে ছিল গরুর কালা ভুনা, চিকেন টিক্কা, রাশান সালাদের সঙ্গে কাশ্মিরি পোলাও। ছবি: মাহফুজুর রহমান টিটু

মাহফুজুর রহমান বললেন, নামাজ শেষে রীতি মাফিক কোলাকুলি করেছেন তারা।

“ঈদ উপলক্ষে জাহাজে আজ ভালো খাবারের আয়োজন হয়েছে। গরুর কালা ভুনা, চিকেন টিক্কা, রাশান সালাদের সঙ্গে কাশ্মিরি পোলাও। আইসক্রিমসহ বিভিন্ন ধরনের মিষ্টান্নও আছে।”

এমভি আবদুল্লাহর জিম্মি নাবিকরা

Image

জিম্মি যারা: (বাঁ থেকে) জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম

Image

জিম্মি যারা: (বাঁ থেকে) জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনি ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিসিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. সাজ্জাদ হোসেন, মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, জয় মাহমুদ

Image

জিম্মি যারা: (বাঁ থেকে) ক্রু মো. নাজমুল হক, মো. আলী হোসেন, মোহাম্ম শামসুদ্দিন, আইনুল হক, মোশাররফ হোসেন শাকিল, মো. সালেহ আহমদ, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন।

এই উদযাপনের মধ্যেও এমভি আবদুল্লাহর জিম্মি বন্ধুদের সঙ্গে যোগাযোগ হওয়ার কথা জানালেন ইব্রাহিম জাহানের চিফ অফিসার।

“আজকে আমাদের অনেকেই ওই জাহাজের বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। ওই জাহাজ থেকে জানিয়েছে, তাদের সারাক্ষণ বন্দুকের নলের মুখে পাহারা দেওয়া হয়। বন্দুকের নলের মুখে মানুষ কতটা ভালো থাকতে পারে, সেটা যেন আমরা বুঝতে পারি, সেই অনুরোধও তারা করেছেন।

“দেশের অনেক সংবাদমাধ্যমে লেখা হয়েছে, দস্যুরা তাদের জামাই আদরে রাখছে, দুম্বা-বিরিয়ানি খেতে দিচ্ছে। এটা নিয়ে মন খারাপ এমভি আব্দুল্লার নাবিকদের। তারা বলেছেন, এখানে যেটা পাওয়া যায় জলদস্যুরা সেটাই এনে দিয়েছে। তার মানে এই নয় যে তাদের খুব সমাদর করা হচ্ছে। ২৪ ঘণ্টা বন্দুকের নলের মুখে বেঁচে থাকার চেষ্টা করছেন নাবিকরা। তারা সকলের দোয়া চেয়েছেন।”