২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমার অর্থ আত্মসাৎ: ৯ ব্যক্তিকে গ্রেপ্তারে পদক্ষেপ চায় হাই কোর্ট

প্রায় সাড়ে ১১ কোটি আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওয়ান ব্যাংকের ৭ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

বীমার অর্থ আত্মসাৎ: ৯ ব্যক্তিকে গ্রেপ্তারে পদক্ষেপ চায় হাই কোর্ট

হাই কোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 01:07 AM

Updated : 25 Oct 2022, 01:07 AM

চার বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি আত্মসাৎ ও পাচারের মামলায় ১২ আসামির মধ্যে ওয়ান ব্যাংকের কর্মকর্তাসহ ৯ ব্যক্তিকে গ্রেপ্তারে নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।

এ মামলার আসামি একই ব্যাংকের অন্য এক কর্মকর্তার জামিনের রুল শুনানিতে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলার বাকি দুই আসামিদের একজন কারাগারে ও দুইজন জামিনে আছেন।

দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়ান ব্যাংকের কর্মকর্তারাসহ এখনও সবাই এরেস্ট হয়নি। তারা কেন এরেস্ট হয়নি, তা কোর্ট জানতে চেয়েছে। আর তাদেরকে ৩০ দিনের মধ্যে এরেস্ট করতে ‘ডাইরেকশন’ দিয়েছে।”

দুদকের পক্ষে অ্যাডভোকেট চৌধুরী নাসিমা এ মামলা পরিচালনা করেছেন বলে জানান খুরশীদ।

পরে চৌধুরী নাসিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটা জামিনের জন্য ছিল। যারা এখনও এরেস্ট হয়নি, আত্মসমর্পন করেনি- তাদের বিষয়ে এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চারটি বীমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওয়ান ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

আসামিরা হলেন- ওয়ান ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিল, জুনিয়র অফিসার মো. শামিম।

এছাড়া ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু কালাম মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেন ওরফে মোহাম্মদ এমরান হোসেন, ব্যাংকের গ্রাহক আজিজুর রহমান, রাকিবা জাহান, তানভীর হোসেন, পেশোয়ারা বেগম ও সুবু তারা হাওলাদারের নাম রয়েছে আসামির তালিকায়।

দুদকের এ মামলায় ওয়ান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এমরান হোসেন জানুয়ারি মাসে জামিন চাইতে হাই কোর্টে আসেন। তাকে জামিন না দিয়ে পুলিশের হাতে তুলে দেয় আদালত।

পরে কারাগারে থেকে জামিন আবেদন করলে হাই কোর্ট রুল দেয়। সোমবার সেই রুলের শুনানি হয়।

এমরানের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এমরান হোসেনকে আদালত পুলিশে দিয়ে দিলেও পরে আর কোনো আসামিকে ধরা যায়নি। আইনে বলা আছে, চার মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। তদন্ত কাজও শেষ হচ্ছে না। আসামিকে জামিনও দেওয়া হচ্ছে না। পরে জামিন আবেদন করলে আদালত জামিনের রুল দেয়। আজ ‘ফাইনাল’ শুনানিতে আমরা কথা বলি।

‍“এজাহারে উল্লেখিত বাকি আসামিদের মধ্যে দুইজন জামিনে আছে। বাকি ৯ জন পলাতক। তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্ত কাজও শেষ করতে পারেনি। এটা তদন্তকারী কর্মকর্তার গাফিলতি। এ যুক্তি দেওয়ার পর দুদকে নির্দেশনা দিয়েছে, ৩০ দিনের মধ্যে গ্রেপ্তারের বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে একটা প্রতিবেদন দিতে।”

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ২০১৯ সালের ৫ মার্চ থেকে গত ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ‘পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে’ চারটি বীমা কোম্পানির ভিন্ন ভিন্ন হিসাবসহ অন্যান্য ব্যাংক হিসাবের মাধ্যমে ওয়ান ব্যাংকের গুলশান শাখার ব্যাংক হিসাবে ‘অবৈধভাবে’ ১১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৯২১ টাকা স্থানান্তর করে।

পরে ওই অর্থ বিভিন্ন কৌশলে উত্তোলন করে আসামিরা ‘আত্মসাৎ ও পাচার’ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

চারটি বীমা কোম্পানি হল- পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রভাতি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রেস ইনস্যুরেন্স লিমিটেড ও সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।