Published : 24 Aug 2024, 01:58 AM
পান্থপথের দৃক পাঠ ভবনের নিচে দর্শকদের দীর্ঘ এ লাইন নবম তলার দৃক গ্যালারিতে কার্টুন প্রদর্শনী দেখতে যাওয়ার জন্য। শুক্রবার ছিল ‘কার্টুনে বিদ্রোহ’ শীর্ষক এই প্রদর্শনীর শেষ দিন। কিন্তু প্রচুর দর্শক সমাগম হওয়ায় প্রদর্শনীর ব্যাপ্তি আরো এক সপ্তাহ বাড়িয়ে ৩১ অগাস্ট পর্যন্ত করা হয়েছে।
গ্যালারির দেয়ালজুড়ে টাঙানো শেখ হাসিনার এই কার্টুনটির শিল্পী মেহেদী হক। ৮২ জন কার্টুনিস্টের আঁকা প্রায় ১৭৫টি কার্টুন স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
‘কার্টুনে বিদ্রোহ’ শীর্ষক এ প্রদর্শনীতে যেমন স্থান পেয়েছে প্রথিতযশা শিল্পীদের কার্টুন, তেমনি নবীনদের কার্টুনও আছে।
প্রদর্শনীর মাঝখানে কার্টুনে শেখ হাসিনার প্রতিকৃতি, তাতে লেখা ‘এক দফা এক দাবী, ‘ছাত্র খুনী’ আর ‘স্টেপ ডাউন হাসিনা’।
গ্যালারির একপাশে সুতোয় বেঁধে ঝোলানো বেশকিছু পানির বোতল, লেবেলে লালের মাঝে সাদা অক্ষরে লেখা আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর নাম, তার নিচে লেখা পানি লাগবে পানি….।
শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও মানুষের হাতে হাতে ছিল শিল্পী দেবাশীষ চক্রবর্তীর অসাধারণ সব পোস্টার। প্রদর্শনীর একপাশজুড়ে স্থান পেয়েছে সেইসব পোস্টারগুলোও।
প্রদর্শনীতে নানা রকম কার্টুন ছাড়াও গ্যালারির পিলারে স্থান পেয়েছে গণ আন্দোলনের সময়ের সেইসব দেয়াল লিখনও।
প্রদর্শনীর একাধিক কার্টুনে তুলে ধরা হয়েছে রংপুরের আবু সাঈদকে, যে পুলিশের গুলির সামনে বুক পেতেছিল বৈষম্যের অবসান চেয়ে।