স্পিকারের সাথে চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সাক্ষাৎ
স্পিকারকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানান সফররত চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার সান হাইয়ানের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সংসদে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা, বঙ্গবন্ধুর চীন ভ্রমণ, সংসদীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
স্পিকার বলেন, চীনের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের জাতীয় সংসদের সংসদীয় রীতি-নীতির বিনিময় এবং সংসদীয় মৈত্রীগ্রুপের মাধ্যমে এই সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে তাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে চীনের সহযোগিতা কামনা করেন স্পিকার।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক কমিটির ভাইস মিনিস্টার সান হাইয়ান বলেন, “চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করতে আগ্রহী।”
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারকে অভিনন্দন জানান এবং স্পিকারকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানান।
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের তৃতীয় সচিব ফেং ঝিজিয়া, আইডিসিপিসির ব্যুরো ফর সাউথইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর জেনারেল জু মিন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর পরিচালক লি জিনইয়ান, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি ডিরেক্টর ওয়েন জুন, আইডিসিপিসি দ্বিতীয় সচিব জিন ইয়ান এবং ইংরেজি দোভাষী ঝাং গুইউসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পুরনো খবর
