সগিরা মোর্শেদ হত্যা মামলা: ভাইয়ের জেরা পেছাল
আদালত ২৯ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
আসামিপক্ষের আইনজীবীরা অসুস্থ থাকায় সগিরা মোর্শেদ হত্যা মামলার সাক্ষী নিহতের ভাইকে জেরার সময় পিছিয়েছে; আদালত ২৯ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছে।
বুধবার ছিল গুলিতে নিহত সগিরা মোর্শেদের ভাই ডা. শামীম আকা নেওয়াজকে (৬৭) জেরার দিন। তিনি আদালতে হাজির হলেও আসামিপক্ষের আইনজীবীরা অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করা হয়।
বিচারক রফিকুল ইসলাম আবেদন মঞ্জুর করে ২৯ মার্চ পরের তারিখ ঠিক করে দিয়ে বলেছেন, সেদিন জেরা না করলে আর সময় দেওয়া হবে না।
ডা. শামীম গত ১৬ মার্চে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও মোশাররফ হোসেন কাজল অসুস্থ থাকায় জেরার সময় চেয়ে আবেদন করা হয়। অসুস্থতার গ্রাউন্ডে সময় চাওয়ায় বিরোধিতার সুযোগ ছিল না।
তিনি বলেন, তবে বিচারক বলেছেন সামনের তারিখে আসামিপক্ষের আইনজীবীরা সগিরা মোর্শেদের ভাই চিকিৎসক শামীম আকা নেওয়াজকে জেরা না করেন তাহলে আর কোনো জেরার সুযোগ দেওয়া হবে না।
তার অভিযোগ, আসামিদের আইনজীবীরা নানা উছিলায় সাক্ষ্য গ্রহণে বারবার সময় নেওয়ায় মামলার কার্যক্রম পিছিয়ে যাচ্ছে, দ্রুত শেষ করা যাচ্ছে না বিচার।
তিন দশক আগের আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মামলার বাদী, সগিরা মোর্শেদের বোন ডা. দিলরুবা নুসরাত জাহান, মেয়ে সাদিয়া চৌধুরী, ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক আব্দুস সালামসহ ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৯৮৯ সালের ২৫ জুলাই সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক ঘটনায় জড়িত দু’জনের কথা বললেও মন্টু নামের একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠনও হয়েছিল।
এরপর হাই কোর্টের আদেশে মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। পরে হাই কোর্ট মামলার অধিকতর তদন্ত ৬০ দিনের মধ্যে করতে পিবিআইকে নির্দেশ দেয়।
২০১৯ সালের ১৭ অগাস্ট মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। ২০২০ সালের ১৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক রফিকুল ইসলাম।
২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বাদী সগিরা মোর্শেদের স্বামী সালাম চৌধুরীর সাক্ষ্য দেওয়ার মাধ্যমে বিচার শুরু হয়।
পরে ২০২১ সালের মাঝামাঝিতে বিচারে গতি আনার জন্য মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালে পাঠানো হয়।
মামলার আসামিরা হলেন- নিহতের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন (৬৪), শ্যালক আনাস মাহমুদ ওরফে
রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯), কুঞ্জ মন্ডল ওরফে মন্টু মন্ডল। এদের মধ্যে আনাস মাহমুদ ও মারুফ রেজা কারাগারে এবং বাকিরা রয়েছেন জামিনে।
