২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সগিরা মোর্শেদ হত্যা মামলা: রিকশাচালককে জেরা

ঢাকার সিদ্ধেশ্বরীতে ৩২ বছর আগে গুলিতে নিহত সগিরা মোর্শেদকে বহনকারী রিকশাচালক সালাম মোল্লার জেরা শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 01:01 AM

Updated : 22 Mar 2023, 06:34 PM

বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেই সময়ের আলোচিত এ হত্যাকাণ্ডের সাক্ষী এ রিকশাচালককে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

জেরা শেষ না হওয়ায় এ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আগামী ১৭ এপ্রিল আবারও জেরার জন্য তারিখ রাখেন।

এর আগে গত ২০ মার্চ সাক্ষী সালাম মোল্লা আদালতে জবানবন্দি দেন।

আর গত বছরের মার্চে বাদী সাগিরার স্বামী আবদুস সালাম চৌধুরী ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর হলে সেখানে তাকে আসামির আইনজীবীরা জেরা করেন।

এ মামলার আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭১), জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৫), মোঃ মন্টু, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৬০) ও মারুফ রেজা (৬০)।

আসামিদের মধ্যে আনাস মাহমুদ ও মারুফ রেজা কারাগারে আছেন। অপর তিন আসামি জামিনে রয়েছেন।

২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দশে দেন।

১৯৮৯ সালের ২৫ জুলাই সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন সালাম চৌধুরী।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক ঘটনায় জড়িত দু’জনের কথা বললেও মন্টু নামের একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠনও হয়েছিল।

এরপর হাই কোর্টের আদেশে মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। পরে হাই কোর্ট মামলার অধিকতর তদন্ত ৬০ দিনের মধ্যে করতে পিবিআইকে নির্দেশ দেয়।

২০১৯ সালের ১৭ অগাস্ট এ মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। ২০২০ সালের ১৫ জানুয়ারি চারজনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক রফিকুল ইসলাম।