২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টেক্টরের ৮৪ ছাপিয়ে হাউসের ৯০*, ইউরোপিয়ান টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন স্যান্টনারের দল

প্রাথমিক পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই শেষ পর্যন্ত প্রথমবার আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগটির শিরোপা জিতল।

টেক্টরের ৮৪ ছাপিয়ে হাউসের ৯০*, ইউরোপিয়ান টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন স্যান্টনারের দল

এডিনবরা ক্যাসল রকার্সের শিরোপা উদযাপন। ছবি: ইটিপিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 12:30 AM

Updated : 21 Sep 2026, 12:37 AM

সতীর্থদের নিষ্প্রভ ব্যাটিংয়ের দিনে প্রায় একার লড়াইয়ে বেলফাস্ট উলভসকে দেড়শ ছোঁয়া সংগ্রহ এনে দিলেন টিম টেক্টর। কিন্তু যথেষ্ট হলো না সেটি। রান তাড়ায় দুর্দান্ত ইনিংস উপহার দিলেন আন্দ্রিয়েস হাউস। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) উদ্বোধনী আসরের শিরোপা জিতল এডিনবরা ক্যাসল রকার্স।

ডাবলিনে রোববারের ফাইনালে মিচেল স্যান্টনারের দলের জয় ৮ উইকেটে।

প্রাথমিক পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই শেষ পর্যন্ত হলো চ্যাম্পিয়ন।

শিরোপা লড়াইয়ে ২০ ওভারে উলভস করতে পারে ৫ উইকেটে ১৫০ রান। সেই রান ক্যাসল রকার্স টপকে যায় আট বল বাকি থাকতে।

৬১ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলে ফাইনালের সেরা হাউস। যুক্তরাষ্ট্রের এই ব্যাটসম্যানের ইনিংসটি গড়া আট চার ও চার ছক্কায়।

Image

রান তাড়ায় দারুণ ইনিংস খেলে ফাইনালের সেরা আন্দ্রিয়েস হাউস। ছবি: ইটিপিএল

টস হেরে ব্যাটিংয়ে নামে উলভস। শুরুতেই বিদায় নেন পল স্টার্লিং। দ্বিতীয় উইকেট জুটিতে টেক্টর ও ডেভন কনওয়ে যোগ করেন ৫১ বলে ৬৩ রান।

তিন নম্বরে নামা কনওয়ে ফেরেন ২৪ বলে ২৯ রান করে। অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও লর্কান টাকার দুই অঙ্কে যেতে পারেননি।

শুরু থেকে শেষ বল পর্যন্ত খেলে দলের স্কোর দেড়শতে নিয়ে যান টেক্টর। ৯ চার ও দুই ছক্কায় ৬২ বলে ৮৪ রান করেন এই আইরিশ ব্যাটসম্যান।

চমৎকার বোলিংয়ে চার ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

ক্যাসল রকার্সের রান তাড়ার শুরুটা হয় দুই ভাইয়ের মুখোমুখি লড়াই দিয়ে। বড় ভাই রস অ্যাডায়ার ওপেন করতে নামেন, আর ছোট ভাই মার্ক অ্যাডায়ারের হাতে ছিল নতুন বল। ইনিংসের শুরুটা ছিল এমন- চার, ওয়াইড, ওয়াইড, ৬; প্রথম বলে রস চার মারেন কিপারের পাশ দিয়ে এবং এরপর সোজা ব্যাটে সাইট-স্ক্রিনের ওপর দিয়ে হাঁকান ছক্কা।

বেশিক্ষণ যদিও টিকতে পারেননি রস। দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৩ রান করে ফেরেন তিনি। তিন নম্বরে নেমে ১৫ রান করতে ২৩ বল খেলেন জেজে স্মিটস।

তবে হাউস ছিলেন ছন্দে। দারুণ সব শট খেলে এগিয়ে যান তিনি। ফিফটি করেন ৩৬ বলে। ম্যাক্সওয়েলকে পরপর ছক্কা ও চার মেরে ম্যাচের ইতিও টানেন ৩২ বছর বয়সি এই কিপার-ব্যাটসম্যান।