২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাউসার মাহমুদের পাঁচটি কবিতা

যাদের গন্তব্য আছে তারাও যে ঘরছাড়া, ভালোবাসাহীন হয়

কাউসার মাহমুদের পাঁচটি কবিতা

চিত্রকর্ম

কাউসার মাহমুদ কাউসার মাহমুদ

Published : 12 Apr 2024, 08:07 PM

Updated : 12 Apr 2024, 08:10 PM

ঘর

দীর্ঘ নিঃশ্বাসগুলির প্রতি নিবিষ্ট হয়েছি বহুক্ষণ 

মনে হয় নির্জন ঘরটি বড় চৌকস হয়ে উঠেছে

আমার সজল চোখ কতকিছু ভাবছে

একটা দুয়ার আর জানালা খোলা

তাই দিয়ে হাওয়ার অভিঘাতে

নীরব বেদনারা আসাযাওয়া করছে।

বিশ্রাম 

হয়তো একদিন আশাটি পূর্ণ হবে

একদিন সকল ভার মুক্ত করে বাহু দুটো জিরোবে

পাতায় পতিত জলের মত তার অনিদ্রারা—

গড়িয়ে গড়িয়ে পড়বে

দ্বিধাহীন ভয়হীন এমনকি কারো করুণাবিহীন। 

অবসাদ

জীবনের যাবতীয় তফাৎ দেখা হয়ে গেলে

সমস্ত কিছুর প্রতি অভিমান জাগে

জাত, পাত, ধর্ম, বর্ণ, দেশ আর জন্মের প্রতিও

যেন রুয়ে দেয়া পৃথিবীর ফসলের মাঝে

হঠাৎ আগাছা হয়ে বেড়ে উঠেছে—

কেবল একটা 'জীবন।'

প্রতীক্ষা 

অনেকদিন হয় কোথাও যেতে পারি না

হাতের রেখায় ভবিষ্যৎ ভেসে ওঠে শুনেছি

এই শুনে গণকের কাছে ছুটে গিয়ে দেখি

বহুকাল হয়,

আপন হাতের দিকে তাকিয়ে আছে সে।

 ফেরা

যাদের গন্তব্য আছে তারাও যে ঘরছাড়া, ভালোবাসাহীন হয়

আমি সেই দুর্ভাগা

একদিন কেউ আমাকে মজার ছলে বাড়ি ফেরার কথা বললে,

তার দিকে হাহাকারের সমুদ্র ছুঁড়ে মেরেছিলাম।