ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রথমদিন ষষ্ঠী পূজা।
সোমবার দেবীর প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
ঈদের আনন্দ শেষ হতে না হতেই দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে শুরু হয়েছে উৎসবের আমেজ।
ইতিমধ্যে এ উৎসবের সব আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। আনন্দময়ী দেবী দুর্গার আগমনী গানে মুখরিত এখন চারদিক।
পঞ্জিকা মতে, এ বছর দেবী দুর্গা শ্বশুরালয় থেকে বাবার বাড়িতে আসছেন দোলায় চড়ে। আর ফিরে যাবেন গজের (হাতি) পিঠে চড়ে।
বলা হয়ে থাকে, দেবীর এমন আগমনের ফলে পৃথিবীতে রোগ-ব্যাধি দেখা দেয়। তবে দেবী হাতির পিঠে চড়ে ফিরলে বসুন্ধরার শস্যভাণ্ডার পরিপূর্ণ হয়ে ওঠে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর রাজধানীতে একশ' ৭২ টি মণ্ডপে পূজা হচ্ছে।
এটা গত বছরের চেয়ে নয়টি বেশি।
সূত্রাপুরে তিনটি, কোতোয়ালী, সবুজবাগ, ডেমরায়, মিরপুর ও উত্তরায় একটি করে নতুন মন্ডপে পূজা হবে।
এছাড়া, সারা দেশে এ বছর ২৩ হাজারেরও বেশি পূজা মণ্ডপে দূর্গা পূজা হবে। সরকারি হিসাবে, গত বছর সারা দেশে ২২ হাজার আটশ' টি মণ্ডপে পূজা হয়েছিল।
এদিকে শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, "সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় এক হাজার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।"
এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
দুর্গোৎসব চলাকালে রাজধানীর পূজামণ্ডপে প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতি হবে।
এছাড়া পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজধানীতে কেন্দ্রীয় পূজা মণ্ডপ ঢাকেশ^রী জাতীয় মন্দিরে শনিবার মহাঅষ্টমীর দিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ, মহানবমীর সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা এবং দশমী পূজার দিন সকালে স্বেচ্ছায় রক্তদান ও বিকেলে বিজয়া দশমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
রামকৃষ্ণ মিশনে এবছরও মহাঅষ্টমী ও কুমারী পূজা হবে। এ ছাড়া ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দুর্গা পূজা উপলক্ষে স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানীর অভয়নগর দাস লেনের ভোলানন্দগিরি আশ্রম, বরদেশ্বরী কালিমন্দির, রাধিকা বসাক লেন মঠ, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল, শাঁখারিবাজার, টিকাটুলির প্রণব মঠ, সূত্রাপুরের ঋষিপাড়া গৌতম মন্দির, সিদ্ধেশ্বরী কালিবাড়ী, বাংলাবাজার, তাঁতিবাজার, জয়কালী রোডের রামসীতা মন্দির, বনগ্রাম তরুণসংসদসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/আরএ/এসএইচ/১৭৪২ঘ.
bdnews24