২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলা আজ কর্দমাক্ত

প্রাণীদেহের অনেক উপাঙ্গ থাকে যার বিশেষ কোন কার্যকারিতা নেই, তবু সেগুলি থাকে। বইমেলাকে সবাই আদর করে প্রাণের মেলা বলেন। এই মেলারই এক কোণে প্রতিদিন যে আলোচনা অনুষ্ঠান হয় তাকে এই প্রাণের মেলার অদরকারি উপাঙ্গ বললে বাংলা একাডেমী এবং ওইসব অনুষ্ঠানের আলোচকরা নির্ঘাৎ মন খারাপ করবেন সন্দেহ নেই, কিন্তু আজ মেলায় আসা মোহাম্মপুরের রকিবুল হক নামে এক ভদ্রলোক বললেন, “এখানে এই আলোচনা অনুষ্ঠানটা একেবারেই বেমানান। মেলায় লোক আসে বই কিনতে। এখানে আলোচনা সভা না বসিয়ে অন্য কোথাও করলে ভালো হতো। ”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 07:24 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

অধিকাংশ সময়েই এই আলোচনা অনুষ্ঠানে মঞ্চে যে ক’জন থাকেন, দর্শকসারিতে তার চেয়ে খুব বেশি লোক দেখা যায় না। যারা আসেন তারাও মেলায় ঘুরতে ঘুরতে দুদণ্ড জিরিয়ে নেওয়ার উছিলায় এখানে এসে বসেন। আজ অবশ্য শ্রোতাদের উপস্থিতি একটু বেশি ছিল। কারণ হিসেবে আগত অনেকেই বললেন, মাইকের গোলযোগের ফলে যে বিচিত্র শব্দ হচ্ছে, একই শব্দ দুবার শোনা যাচ্ছে -  সেটাই তাদের এখানে টেনে এনেছে। সামনে গিয়ে অবশ্য দেখা গেল আজকের আলোচনার বিষয় ‘বাংলাদেশের সাহিত্য : নারীবাদী প্রবণতা’। মঞ্চে উপস্থিত আলোচকরা সবাই নারী। মূল প্রবন্ধ পাঠ করেছেন রশিদা আখতার খানম। সভাপতিত্ব করেছেন জুবাইদা গুলশান আরা। দুজনেই বিশিষ্ট সাহিত্যিক। দর্শকসারিতে পুরুষদের উপস্থিতিই ছিল বেশি।

মেলার আলোচনা সভায় আজ অনেকের বসে থাকার আরেকটা কারণ হতে পারে, মেলা আজ কর্দমাক্ত। রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতার হবু রাজার গবু মন্ত্রী একবার ঝাঁট দিয়ে আরেকবার পানি ঢেলে যেভাবে রাজ্য থেকে ধুলা বিনাশের উদ্যোগ নিয়েছিলেন সেটা হয়তো বাংলা একাডেমী কর্তৃপক্ষের মনে ধরেছে। অথবা প্রতিদিন ‘মেলা নোংরা’ ‘ধুলা বেশি’ এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে এমনভাবে পানি মেরেছেন যে এখন হাঁটার জো নেই। বিশেষ করে ‘মোদের গরব’ ভাষ্কর্য এবং আরো কয়েকটি জায়গায় কয়েকজন দর্শনার্থী পিছলে যেতে যেতে বেঁচে গেছেন কোনরকমে।

এরই মধ্যে মেলা চত্তরের নিয়মিত জটলা জমে গেল ৫টা নাগাদ। বাংলাভিশন আর চ্যানেল আইয়ের ক্যামেরায় নিজেদের তুলে ধরার উদগ্র বাসনা নিয়ে ঝাঁপিয়ে পরলেন অনেক দর্শনার্থী। ভাব দেখে মনে হতেই পারে এদের অনেকে মেলায় আসেন মিনিপর্দায় নিজেকে দেখানোর সুযোগ মেলে কিনা সে আশাতে।

বাংলাভিশনে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা অব্দি মেলার আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থাপনা করেন আলী ইমাম। ২০০৫ সালে চ্যানেল আই  - এ প্রথম সরাসরি মেলা প্রতিবেদন সম্প্রচারের কৃতিত্ব দাবি করে তিনি বললেন, “এটা করতে আমার খুবই ভালো লাগে। এমন একটা প্রাণের উৎসবের সাথে নিজেকে সম্পর্কিত করতে পেরে আমি আনন্দিত।”

চ্যানেল আই এর মেলা প্রতিবেদক হিসেবে আছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বললেন, “আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। লেখক হয়ে লেখকদের সাথে কথা বলছি, তাদের সাক্ষাৎকার নিচ্ছি  - ব্যাপারটা আমি দারুণ উপভোগ করছি।” 

আজ মেলায় এক স্টলে অন্য প্রকাশকের বই রাখার বিষয়ে মেলা স্টিয়ারিং কমিটির বৈঠক বসেছে। বৈঠকের আগে বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক জানালেন, আজ মেলার ২৮৭টা স্টল ঘুরে আমরা ৭০টি স্টলে অন্য প্রকাশকের বই পেয়েছি। এদের চিঠির মাধ্যমে সতর্ক করে দেয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় বৈঠক চলছিল।

আজও মেলার নজরুল মঞ্চে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। একটি খালেদ হোসেন পরাগের ‘ছবির গল্প’, মোড়ক উন্মোচন করেন সাংবাদিক শওকত মাহমুদ। অন্যটি ড. তপন কুমার দে’র লেখা ‘ডিয়ার পপুলেশন ইন দি বাংলাদেশ সুন্দরবন’। এটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।

আজ মেলায় যেসব নতুন বই এসেছে তার মধ্যে রয়েছে খান অ্যান্ড ব্রাদার্স কোং প্রকাশিত প্রয়াত বুদ্ধিজীবী, লেখক আহমদ ছফার ‘অলাতচক্র’। মুনতাসীর মামুনের ‘বাংলাদেশ বাঙালি মানুষ রাষ্ট্রগঠন ও আধুনিকতা’ বইটি বের করেছে সময় প্রকাশন। আমীরুল ইসলামের শিশুতোষ ছড়ার বই ‘ছড়া গেছে ছড়া ভুলে’ এবং হুমায়ুন কবীর ঢালীর ‘কাকের ছায়া কঙ্কাবতী’ প্রকাশ করেছে অনন্যা।