২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উবন্টু’ উদ্ধোধন করলেন মুহম্মদ জাফর ইকবাল

আইজাক আসিমভের এক কল্পবিজ্ঞানকাহিনীতে  এমন এক দুনিয়ার কথা বলা হয়েছে যেখানে বই বলে কিছু থাকবে না। বইমেলা তো পরের কথা। তখন হয়তো বইয়ের সফটকপি নিয়ে মেলা বসবে। বাংলা একাডেমির মেলাতে অবশ্য সব ধরনের সফটকপি তথা সিডির প্রবেশ নিষেধ। ফলে আজ মেলায় বিশিষ্ট কল্পবিজ্ঞানকার মুহম্মদ জাফর ইকবাল ‘উবন্টু’ নামের একটা সিডির উদ্ধোধন করলেও সেটা বিক্রির জন্য স্টলে রাখা গেল না। প্রকাশক ও বিক্রেতা একাডেমি কর্তৃপক্ষের কাছে অবশ্য আবেদন জানিয়েছেন যেন এটি বিক্রির অনুমতি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

উবন্টু একটা বাংলা অপারেটিং সিস্টেম। এটি ডেভেলপ করেছে অংকুর নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। সিডিটি উদ্ধোধনের সময় জাফর ইকবালের সঙ্গে তার স্ত্রী ইয়াসমীন হকও উপস্থিত ছিলেন।

এই সিডি উদ্ধোধনকে কেন্দ্র করে সময় প্রকাশনের সামনে সন্ধ্যের দিকে একটা ছোটখাট ভিড় তৈরি হয়েছিল। তবে গতকালের আজ মেলার কোথাও ‘হিমুর গায়ে হলুদ’ এর মতো ব্যাপক জটলা তৈরি হয়নি।

মাত্র তিনদিন হলেও মেলা ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। শুক্রবারের মতো না হলেও আজও মেলায় ভিড় ছিল মোটামুটি। এবং ধুলা ছিল কম। প্রচন্ড ভিড় না থাকায় দর্শনার্থীরা আরামে বই দেখতে পারছেন ও কিনতে পারছেন।

সময় প্রকাশনের ফরিদ আহমেদ বললেন,  “আজ তৃতীয় দিন হলেও বিক্রি মোটামুটি ভাল। আমরা সন্তুষ্ট। অনন্যা’র মনিরুল হকেরও বক্তব্য একইরকম। রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে একটা স্বস্তির সুবাতাস বইছে। মানুষ আগের চেয়ে অনেকটা নিশ্চিন্ত। ফলে আশা করা যায় এবারের বইমেলা আগের যে কোন বারের তুলনায় অনেক ফলপ্রসু হবে।”