Published : 26 Mar 2013, 08:12 PM
স্বাধীনতা শব্দটি এতো প্রিয় কেন মানুষের !
মাটি থেকে ফুঁপিয়ে উঠছে কান্না রাত্রির আকাশ থেকে মেঘবর্ষণ
ইতিহাস থেকে যে আলো ছড়িয়ে পড়ছে এখনো : স্নিগ্ধ মিহিন
তবুও এগিয়ে আসছে অন্ধকার
ড্রয়ারের স্মৃতিগুলো কাটছে অলীক ইঁদুর
কাহাকাফের কুকুর শুকছে ফুঁপিয়ে ওঠা মাটি !
মানুষের শরীরের উত্তাপ থেকে যায় বহুকাল হাড়ের ভেতর।
অষ্টপ্রহর মাথার মধ্যে দেয়াল ভাঙার চিৎকার : স্বাধীনতা
আটপৌরে একটা শব্দ কেনো এতো প্রিয় হলো মানুষের!
মাটির মধ্য থেকে উঠে আসছে স্তব্ধতায় আটকে থাকা ভাষা
ভাষার কী বিষ্ফোরণ প্রিয়তা আসন্ন!
মানুষেরা কী আনন্দময় ইতিহাসের দিকেই যাচ্ছে!
স্বাধীনতা জাগো
আশেপাশে তুমি থাকো আছো পথের বাঁকে
হাতের কোমল স্পর্শে তোমার মুখ বুকের পাঁজর
টিয়ের লাল টকককে ঠোঁটের মতো তুমি জেগে থাকা প্রাণ
কখনো দৃশ্য হও কখনো নদী.. কখনো
ঘিঞ্জিগলির কান্নার মতো উড়ে আসা বিবর্ন ধুলো
মানুষের আর্তনাদ অসীমে জেগে থাকে , থাকে-
মানুষের মনে অলক্ষ্যে প্রিয় হয়ে সেই কাল থেকে
সত্যের রেণূ প্রতিটি জন্মে হে স্বাধীনতা
উদিত সূর্যের মতো জীবনে ও জ্ঞানে ।
কতো সময় চলে গেছে, যাবে হয়তো আরো
বহু কাল ঝরা পাতা মরা পাতা সকল রাত্রি
খুঁড়বে মাটি, খুঁজবে প্রাণ নিঝুম জলে ভেসে থাকা
পদ্ম-পাতায় একটি ফোটার মতো অস্তিত্বের অন্বেষণে অস্থির
হেমন্তের রূঢ়-কর্কশ হিম সয়ে
সময়ের স্মৃতি ভেঙে জেগে ওঠা প্রাণ
স্বাধীনতা, জাগো মহাকালের আলো
উদিত আলোর মতো শত সূর্য-বিভায়।