বেলিংহ্যামকে পেতে গুণতে হবে ১৩ কোটি পাউন্ড
তাকে দলে পাওয়ার লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মতো দলগুলো।
দারুণ প্রতিভাবান জুড বেলিংহ্যাম মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছেন। তবে, এই ইংলিশ মিডফিল্ডারকে দলে পেতে আগ্রহী ক্লাবকে গুণতে হবে বড় অঙ্কের অর্থ। সেটা হতে পারে ১৩ কোটি পাউন্ড।
বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ধারাবাহিক দারুণ পারফরম্যান্সে নিজেকে সময়ের সেরা তরুণ খেলোয়াড়দের কাতারে নিয়ে গেছেন বেলিংহ্যাম। বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।
যে কোনো মূল্যে বেলিংহ্যামকে ধরে রাখতে চায় ডর্টমুন্ড। আর এজন্যই নাকি তারা নামের পাশে তারা বড় অঙ্কের মূল্য জুড়ে দিয়েছে, ক্লাবগুলোর আগ্রহ কমাতে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ৯ গোল করেছেন বেলিংহ্যাম।
ইংলিশ সংবাদমাধ্যম দা সানের খবর, বেলিংহ্যামকে দলে পাওয়ার লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মতো দলগুলো। তার জন্য ১৩ কোটি পাউন্ড হাঁকতে পারে জার্মান ক্লাবটি।
