১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অর্গানিক খাবারের রেস্তোরাঁ নিয়ে স্বাগতা

‘ট্রুগানিক বাই স্বাগতা’ রেস্তোরাঁয় থাকছে নানান পদের দেশি খাবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 02:46 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

অভিনেত্রী, মডেল আর কণ্ঠশিল্পীর পরিচয় ছাপিয়ে এবার খাবারের ব্যবসায় নাম লেখালেন জিনাত শানু স্বাগতা।

রেস্তোরাঁর নাম ‘ট্রুগানিক বাই স্বাগতা’।

‘অর্গানিক’ খাবারের প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর কামাল আতার্তুক অ্যাভনিউ’য়ের টাওয়ার হ্যামলেট’য়ের নিচ তলায় এই রেস্তোরাঁর উদ্বোধন হয় চলতি মাসের পাঁচ তারিখে।

স্বামী হাসান আজাদকে নিয়ে ফিতা কাটার পর স্বাগতা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অর্গানিক খাদ্যসামগ্রী নিয়ে কাজ করছি। আমাদের নিজস্ব ফার্মে বিষমুক্ত উপায়ে নানান শষ্য উৎপাদিত হয়। পাশাপাশি রয়েছে গবাদিপশুর খামার। সেখান থেকেই সামগ্রী এনে আমাদের এই রেস্তোরাঁয় খাবার প্রস্তুত করা হচ্ছে।”

কেন এই উদ্যোগ? এই প্রশ্নের উত্তরে স্বাগতা বলেন, “আসলে ফিটনেস ঠিক রাখতে দরকার সঠিক ‘ফুড’। খাবার ভালো না হলে তো ফিটনেস ঠিক থাকবে না। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ; যেখান আমরা সবসময় অর্গানিক বা বিষমুক্ত খাবার সরবরাহ করবো।”

স্বাগতার রেস্তোরাঁয় বর্তমানে বিভিন্ন সেট মেন্যুর মধ্যে রয়েছে- গরুর লাল ভুনা সাথে সাদা ভাত ‘ফ্রি’ ২৫০ টাকা। মুরগির ঝাল ফ্রাই সাথে সাদা ভাত ‘ফ্রি’ ১৮০ টাকা। মিক্সড সবজি ৩৫ টাকা। ডাল ৩০ টাকা। এছাড়াও থাকছে ভুনা খিচুড়ি এবং ফিরনি।  

রেস্তোরাঁয় বসে খাওয়ার পাশাপাশি থাকছে ‘টেকঅ্যাওয়ে’র সুবিধা।

গত বছর ২৪ জানুয়ারি হাসান আজাদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন স্বাগতা। আর এই বছর জুনে তাদের সংসারে আসে কন্যা সন্তান মারিয়াম সর্বজয়া শানু আজাদ। সব মিলিয়ে শিল্পমাধ্যম থেকে সাময়িক বিরতিতে আছেন বলেন জানালেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

রাজধানীতে পথের ধারে পাহাড়ি স্বাদের টানে

নিরামিষ রেস্তোরাঁয় ভোজন