Published : 20 Jan 2026, 12:57 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার।
আর পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল অনুযায়ী, আসন দুটিতে এই সময় রয়েছে আগামী সোমবার পর্যন্ত।
ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী মঙ্গলবার সকালে বলেন, “বিকাল ৫টার মধ্যে অফিসারের কার্যালয়ে এসে প্রত্যাহারপত্র জমা দিতে পারবেন।”
ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে কয়েকজনকে মনোনয়ন প্রত্যাহার করতে দেখা গেছে। তাদের মধ্যে আছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৬ আসনের আহসানউল্লাহ, ঢাকা-১০ আসনের আহমদ আলী। আগের দিন ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত বিলকিস নাসিমা রহমান।
এ কার্যালয়ের তথ্য প্রধানকারী কর্মকর্তা তাহজীব হাসান হৃদম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে গতকাল একজন ও আজকে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এর মধ্যে গতকাল ঢাকা-১৮ আসনের একজন ও আজকে ঢাকা-১০ এবং ঢাকা-১৬ আসনের। বিস্তারিত তথ্য বিকাল ৪টার পরে জানানো হবে।”
সীমানা নিয়ে আইনি জটিলতার কারণে পাবনার দুই আসনে গত ১৫ জানুয়ারি নতুন করে তফসিল দেওয়া হয়। সেই অনুযায়ী, এখন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের সময় চলছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২,২৫৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর এ সংখ্যা কমে যাবে।প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরোনোর পর বুধবার প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা, যারা পরদিন থেকে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬ অনুচ্ছেদে দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিসের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন বা তার আগে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।
কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকলে ওই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তিকে লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে এদিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লিখিত নোটিস দেওয়া হলে বা রাজনৈতিক দলের মাধ্যমে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হলে কোনো অবস্থাতেই তা প্রত্যাহার বা বাতিল করা যাবে না। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীতা প্রত্যাহারের পরের কার্যক্রম নিয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, “প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নামের তালিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আইন ও বিধি অনুসারে নির্ধারিত ফরম-৫ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকায় নামগুলো বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে হবে গণভোট। এবার নির্বাচন পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন।
প্রার্থিতা ফিরল ৪১৭ জনের, বৈধ প্রার্থী ২২৫৩ জন
পাবনা ১ ও ২: নতুন তফসিলে মনোনয়নপত্র জমার শেষ সময় রোববার, ভোট ১২
জোটের ভোটে মার্কা নিজের, ভোটের বাক্সে কী হেরফের?
প্রচারে নামার আগেই নালিশ-অভিযোগ, নিরপেক্ষতার প্রশ্নে কী বলছে ইসি