২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা আমিরের টাকা উদ্ধার ‘সাজানো নাটক’: জামায়াত

ব্রিফিংয়ে ঢাকা-১৫ আসনসহ কয়েকটি এলাকায় নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ করেছেন দলটির মুখপাত্র জুবায়ের।

জেলা আমিরের টাকা উদ্ধার ‘সাজানো নাটক’: জামায়াত
মগবাজারে বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 08:16 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগ থেকে ‘৭৪ লাখ’ টাকা উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছে দলটি।

এ ঘটনার বিষয়ে বুধবার বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তার দাবি, নির্বাচনকে সামনে রেখে একদল লোক বিভিন্ন ধরনের সাজানো ঘটনাগুলো দিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, “ঠাকুরগাঁও জেলা আমির (বেলাল উদ্দিন প্রধান) ঢাকা থেকে আজ গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটি সাজানো নাটক করেছেন। তিনি (জেলা আমির) তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, ‘আমার ব্যবসার জন্য আমি যাতায়াত করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে।’ এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল।”

পুলিশ বলছে, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে এদিন বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। পরে তাকে পুলিশ আটক করে। 

পুলিশ সদস্যরা এ ঘটনার পরে সাংবাদিকদের বলেন, সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

টাকা গণনার পর সৈয়দপুর থানার ওসি রেজাউল করীম বিকালে বলেন, “জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকার পরিমাণ মোট ৭৪ লাখ।”

এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, “অভ্যন্তরীণ বিমান চলাচল কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে তিনি এই টাকা বহন করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীম সামাদ বলেছেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনের কোনো সীমাবদ্ধতা নেই।

“বিমানবন্দরের মতো একটি নিয়ন্ত্রিত এলাকা, যেখানে খুবই সীমিত মানুষের চলাফেরা, সেখানে একটি নাটক সাজানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে টাকা পরিবহন করার পরও বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হীন চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

“আমরা মনে করি এটি সুস্থ ধারার রাজনীতি নয়। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

ব্রিফিংয়ে জুবায়ের ঢাকা-১৫ আসনসহ কয়েকটি এলাকায় নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবদুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান, সাইফ উদ্দিন খালেদ, মোশাররফ হোসেন ও অলিউল্লাহ নোমান।

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: জুবায়ের