২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: জুবায়ের

ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দলের এক নেতাকে ঘিরে ‘নাটকীয় পরিস্থিতি’ তৈরির অভিযোগ করেন তিনি।

কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: জুবায়ের
নির্বাচন কমিশনে বুধবার বিফ্রিংয়ে জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 07:24 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে তাদের দল ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তার দল কোনো অবস্থাতেই ভোটের মাঠ ছাড়বে না।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠ সুন্দর ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হবে।

“কোনো অবস্থায় আমরা মাঠ ছাড়ব না।”

এ জন্য সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি।

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নগদ অর্থসহ জামায়াতের ঠাকুরগাঁও জেলা আামিরকে আটক, কুমিল্লা-৪ আসনের এক রাজনৈতিক নেতার বক্তব্য ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে অভিযোগ জানাতে ইসির সচিবের সঙ্গে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের নেতারা বৈঠক করেন।

পরে ব্রিফিংয়ে জুবায়ের অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে তাদের দল ও নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিককে নিয়ে ঘটনাটি প্রচার করে এবং ওই নেতাকে হেনস্তা করা হয়। 

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "দলের এক জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাকে ঘিরে ‘নাটকীয় পরিস্থিতি’ তৈরি করা হয়।"

তার সঙ্গে ব্যাগে টাকা থাকার তথ্য দিয়ে তিনি বলেন, “ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করা অপরাধ নয়।"

জামায়াতের মুখপাত্র বলেন, ওই নেতা বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

কুমিল্লা-৪ আসনে এক রাজনৈতিক নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ভোট না দিলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্পষ্টতই ফৌজদারি অপরাধ। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের কারণে বিভিন্ন স্থানে হামলা, গাড়ি ভাঙচুর এবং নারী কর্মীদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে।"

বিভিন্ন আসনে বডিওর্ন ক্যামেরা বণ্টনে অসামঞ্জস্য থাকার অভিযোগও করেন জুবায়ের। 

তার দাবি, "কিছু আসনে অস্বাভাবিকভাবে বেশি এবং কিছু আসনে কম বডি ক্যামেরা দেওয়া হয়েছে। যেখানে আমাদের সম্ভাবনা বেশি, সেখানে ক্যামেরার সংখ্যা বেশি¬–এমনটি দেখা যাচ্ছে। এটি কাকতালীয় নাকি অন্য উদ্দেশ্যপ্রণোদিত, তা পরিষ্কার হওয়া উচিত।"