‘সংবাদমাধ্যম’ ব্যবহার করে ভোটের ফল ‘ম্যানিপুলেশন’: এনসিপি
ঢাকা-৮ আসনের ভোট নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে পুনরায় গণনারও দাবি জানান তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে যোগসাজশে ভোটের ফলাফল ‘কারচুপির ষড়যন্ত্র’ করার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ঢাকা- ৮ আসনের বিষয়ে তাদের ভাষ্য, এখানে ধানের শীষের ‘ত্রুটিপূর্ণ ভোট’ হিসেবে গণনায় ধরে মির্জা আব্বাসকে বিজয়ী করার ষড়যন্ত্র চলছে। এই আসনের ভোট নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে পুনরায় গণনারও দাবি জানান তিনি।
তিনি বলেন, “যখন তারা দেখলো যে কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছে তখন ফল টেম্পারিং করে ১১ দলীয় প্রার্থীদের হারানোর স্পষ্ট চেষ্টা দেখতে পাচ্ছি।”
তার ভাষ্য, ঢাকা- ১৫ আসনে যখন ২০ হাজার ভোটের পার্থক্য দেখা যাচ্ছিল। তখন বিএনপির প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করেন দিলেন ফেইসবুকে। যেখানে চাপ তৈরি করে ফল টেম্পারিংয়ের অপচেষ্টা রয়েছে।
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা-১৭ আসনে দেখলাম ৫০টি আসনের ভোট গণনা শেষ না করতেই একজনকে বিজয়ী ঘোষণা করা হল। সংবাদমাধ্যমের মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন ও ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে।
“খুবই শিশুসুলভভাবে ফলাফল টেম্পারিং করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলব এই বিষয়গুলো খতিয়ে দেখে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কোনো ওইসব আসনের ফল ঘোষণা করা যাবে না।”
এনসিপির মুখপাত্রের অভিযোগ, ঢাকা-৮ আসনে যে ভোটটি মার্কার বক্সে পড়েনি, খালি জায়গায় পড়া সিলটিকে ধানের শীষের পক্ষে গণনা করে ফলাফল ঘোষণার চেষ্টা করা হচ্ছে।
মির্জা আব্বাসের ভাগ্নের কল রেকর্ড হিসেবে একটি ফোন রেকর্ডও আসিফ মাহমুদ শোনান সেই সংবাদ সম্মেলনে। তবে সেই কল রেকর্ডটি কোত্থেকে এলো সে বিষয়ে তিনি কোন ব্যাখ্যা দেননি।
ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে তিনি বলেন, “এটা স্পষ্ট প্রমাণ করে যে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাদের ওপর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এখানে ভোট কাউন্ট করে একটা ফলাফল দেবে। আর ফল্ট ভোটগুলোকে বাতিল করতে হবে।
“আমাদের বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে মিডিয়ার মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।”
তিনি বলেন, “আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতের আমির শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মামুনুল হকের আসনে এরকম করা হচ্ছে।
“কেন্দ্রগুলোর গণনা ৭টা বাজে শেষ হয়ে গেলেও এগুলো ১১টা ও ১২টার দিকে ঘোষণা করা হচ্ছে। এটা স্পষ্ট না যে কেন এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে আমরা চাই না যে কেউ সরকার গঠন করুক।“
