সোনারগাঁয়ে জামায়াত নেতার বাড়িতে হামলার অভিযোগ, বিএনপির ‘নাকচ’
“অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশও তদন্ত করছে”, বলেন ওসি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক ইউনিয়ন জামায়াত নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির লোকজনের বিরুদ্ধে। তবে এ অভিযোগ ‘নাকচ’ করছে বিএনপি।
বুধবার দুপুরে সনমান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার।
এ ঘটনায় ওই ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি ওসমান গনি আহত হয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, “অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি পুলিশও তদন্ত করছে।”
জামায়াতের প্রার্থী ইকবালের অভিযোগ, “ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা দুপুর পৌনে ২টার দিকে ওসমান গনির বাড়িতে হামলা করেন। হামলাকারীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মেয়ের স্বামী মো. মাসুমকেও দেখা গেছে।”
তবে, অভিযোগ অস্বীকার করে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, “জামায়াতের লোকজন সনমান্দি ইউনিয়নের অন্তত দুটি জায়গায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হন।
“পরে তাদের পুলিশ ধরে নিয়ে যায়। ভোটের মাঠে এ ধরনের কর্মকাণ্ড ধরা পড়ার পর এখন মিথ্যা হামলার অভিযোগ তুলছেন জামায়াত প্রার্থী।”
তবে, সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, “বিষয়টি নিয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।”
একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নাছিরউদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় বিএনপির কর্মী-সমর্থক ও স্থানীয়দের হাতে আটক হন জামায়াত কর্মী আসাদুজ্জামান। পরে তাকে পুলিশে দেওয়া হয়। যদিও পরে মুচলেকায় ছাড়া পান তিনি।
