ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মীকে পুলিশে দিল বিএনপি, মুচলেকায় ছাড়
ইউএনও বলেন, “অভিযোগের পক্ষে সঠিক প্রমাণ না পাওয়া তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁয় জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন।
যদিও পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় আসাদুজ্জামান নামে ৫৫ বছর বয়সী জামায়াতের এক কর্মীকে আটক করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। তার কাছে ২০ হাজার টাকা পাওয়া যায় এবং সেই টাকা ভোটারদের মাঝে বিলি করারও অভিযোগ তোলেন বিএনপির লোকজন।
পরে প্রশাসনকে খবর দেওয়া হলে সেখানে নির্বাচনি দায়িত্বে থাকা নির্বাহী হাকিমের সঙ্গে বিজিবি ও পুলিশ সদস্যরা সেখানে যান।
আসাদুজ্জামান দড়িকান্দি উত্তর জাইদেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সনমান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, “জামায়াতে ইসলামীর সনমান্দি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কেনার সময় হাতেনাতে আসাদুজ্জামানকে আটক করা হয়। পরে আমরা তাকে পুলিশে দেই।”
যদিও পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
বিকাল সাড়ে ৫টার দিকে তিনি বলেন, “অভিযোগ পেয়ে ম্যাজিস্ট্রেটসহ ফোর্স সেখানে যায়। তাকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। পরে অভিযোগের পক্ষে সঠিক প্রমাণ না পাওয়া তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “উনি উনার ব্যক্তিগত টাকা নিয়ে যাচ্ছিলেন। ভোটারদের টাকা বিলির কথা সম্পূর্ণ মিথ্যা।"
এ সময় তিনি অভিযোগ করেন, “দুপুরে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ওসমান গনির বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিএনপির নেতা-কর্মীরা।”
