আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পরওয়ার
খুলনার প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতিও লক্ষ্যণীয়।
পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, এই ভোটের পরে আরেকটি পরিবর্তিত বাংলাদেশ মানুষ উপহার পাবে বলে আশা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসিমুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আরেকটা পরিবর্তিত বাংলাদেশ, ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে।”
বৃহস্পতিবার সকালে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর এই কথা বলেন তিনি।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আঠারো সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম। এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেপ্তার করা হবে। “ভোটারদের কথা আমি কী করে ভাববো যে একজন প্রার্থী ভোট কেন্দ্রে আসলে গ্রেফতার হয়ে যাবে। এই কথা ভোটের দিন সকালে আমাকে বলা হয়েছিল।
তো আজকে সেই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে, মানুষ হাসিমুখে ভোট দিচ্ছে।”
এ সময় ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি, এখন তো আমি কোনো শঙ্কা দেখছি না। ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরো পরে করব। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমি কোনো শঙ্কা আমার কেন্দ্রে বা আমার যতটুকু জানা আছে আমি দেখছি না “
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশের সঙ্গে খুলনার ছয়টি আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসবের আমেজে ভোট দিচ্ছেন ভোটাররা।
তারপর থেকেই খুলনার প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতিও লক্ষ্যনীয়। প্রবীণ ভোটারদের সঙ্গে ভোট দিতে এসেছেন তরুণ ভোটাররাও।
সকাল ৭টায় পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষায় রয়েছেন অনেক। হাতে ভোটার স্লিপ, চোখে কৌতূহল।
কেন্দ্রের ভেতরে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন। অদূরেই সেনাবাহিনীর টহল দল চোখে পড়ে।
পরে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে ঢুকতে দেওয়া ভোটারদের। শুরু হয় ভোট গ্রহণ।
ভোট দিতে আসা ব্যক্তিদের একজন শিরোমনি এলাকার বাসিন্দা মজিবর সরদার রহমান (৬০)। ভোট দিয়ে তিনি বলেন, “ভোট কেন্দ্রের পাশেই বাড়ি তাই সকাল সকাল চলে এলাম। ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে।”
কথা হয় গৃহিণী নিগার সুলতানার তুলির (৩০) সঙ্গে। শিরোমনি এলাকার এ বাসিন্দা তার জাদের সঙ্গে ভোট দিতে এসেছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে তারা উচ্ছ্বসিত। জানতে চাইলে তুলি বলেন, “উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন দেখে ভালো লাগছে।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনা জেলার জেলা প্রশাসক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৪০ কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি এবং দুই প্লাটুন আনসার টহল রয়েছে।
প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে চারজন অস্ত্রধারী। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে একজন করে অস্ত্রধারী আনসার সদস্য রয়েছেন।
এছাড়া প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। খুলনা শহর ও শহরের বাইরে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
ভোটাররা নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলে আশা করেন তিনি।
