২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী

“পাটওয়ারীর অভিযোগের বিষয়ে জবাব দিতেই তিনি এসেছেন,” বলেন এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 11:45 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যলয়ে নাসীরউদ্দিন পাটওয়ারীর অবস্থানের পর সেখানে গেলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে যান আফরোজা আব্বাস।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে যান এনসিপি নেতা নাসীরউদ্দিন পাটওয়ারী। ঘণ্টা দুই সেখানে অবস্থান করে বের হয়ে যান। এসময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলেননি পাটওয়ারী।

তার চলে যাওয়ার কিছুক্ষণ পরই রিটার্নিং অফিসারের কার্যলয়ে যান আফরোজা আব্বাস।

তার আগমনের ব্যাপারে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাটওয়ারীর অভিযোগের বিষয়ে স্যার (শরফ উদ্দিন আহমদ চৌধুরী) জানতে চেয়েছিলেন। এর জবাব দিতেই তিনি (আফরোজা আব্বাস) এখানে এসেছেন।”

মির্জা আব্বাসের স্ত্রীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসার খবর পেয়ে কয়েকশ নেতাকর্মী বাইরে মিছিল করেন।

জামায়াত ইসলামী জোট মনোনীত প্রার্থী পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বলেছিলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস কলেজ কেন্দ্রের ফলাফলে অনিয়ম করা হচ্ছে।

“মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরেও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

শাহিন বলেন, “এই কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি (পাটওয়ারী)।”

পাটওয়ারীর অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ রাতে বলেছিলেন, “অফিসিয়ালি এখন কিছু বলতে পারছি না।”