ইসলামী আন্দোলনকে ছাড়াই জামায়াত অফিসে ১০ দলের বৈঠক, সিদ্ধান্ত জানা যাবে রাতে
প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নেতারা।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বাকি ১০ দলের নেতাদের নিয়ে এ বৈঠক শুরু হয়। ২৫০ আসনের সমঝোতায় কোন দল কত আসন পাবে, সে বিষয়ে সেখানে আলোচনা হয়। বাকি ৫০ আসনে ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার মত দেওয়া হয়।
সিদ্ধান্ত হয়, রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জোটের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন কমপক্ষে দেড়শ আসন চেয়ে আসছিল। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে বেরিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছিল দলটি।
জামায়াত অফিসের বৈঠকে ইসলামী আন্দোলনের কেউ ছিলেন না জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক মোহাম্মদ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আমির মামুনুল হক সাহেব মিটিংয়ে ছিলেন, সেখানে ১০ দলের নেতারা ছিলেন।"
বৈঠকের কয়েকটি ছবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। ছবিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ জোটের শীর্ষ নেতাদের দেখা যায়।
বৈঠকের পর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটের সিদ্ধান্ত জানাবেন তারা।
পুরনো খবর
