রাজশাহীতে আসন ধরে রাখায় ‘নিশ্চিন্ত’ বাদশা, ফেরার আশায় মিনু
‘হেভিওয়েট’ হিসাবে পরিচিত রাজশাহী-২ আসনে সংসদ সদস্য হিসাবে টানা তৃতীয়বারের মতো জয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকার কথা জানিয়েছেন নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর আশা, ‘জনগণ ভোট দিতে পারলে’ রাজশাহী মহানগরীর এই আসন ’পুনরুদ্ধার’ করতে পারবেন তিনি।
২০০১ সালের নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগের এইচএম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে হারিয়ে এই আসনের সংসদ সদস্য হয়েছিলেন রাজশাহীর তিনবারের সাবেক মেয়র মিনু।
সে সময় তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হাতুড়ি প্রতীকে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা।
ছবি: গুলবার আলী জুয়েল
একাদশ জাতীয় নির্বাচনে উত্তরের এই জেলায় বাদশা ও মিনুকেই সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসাবে মনে করছেন ভোটাররা। তাদের এই আসনে পঞ্চম থেকে অষ্টম সংসদে বিএনপি প্রার্থীরাই জিতে আসছিলেন।
ভোটাররা বলছেন, এবার নির্বাচনের শুরু থেকে রাজশাহী-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকরা শান্তিপূর্ণ পরিবেশেই প্রচারের কাজ শেষ করেছেন। ভোটের সময়ও সেই পরিবেশের প্রতীক্ষায় তারা।
বাদশা-মিনুর সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কাস্তে প্রতীকে সিপিবির এনামুল হক ও হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন।
বৃহস্পতি ও শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো সদর এলাকা। প্রচারের সময় প্রার্থীদের সরগরম মাইকিং ও গণসংযোগ চলেছে বলে জানিয়ছেন ভোটাররা।
ছবি: গুলবার আলী জুয়েল
বৃহস্পতিবার রাতে নগরীর বাস টার্মিনাল এলাকায় কথা হয় ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার মনসুর রহমানের সঙ্গে; বয়স ৬৫ বছর হলেও রিকশার প্যাডেলেই ঘুরছে তার জীবন।
ভোটের পরিবেশ নিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”এই পর্যন্ততো ভালোই দেখলাম। কিন্তু ভোট দিতে পারব তো? গত মেয়র নির্বাচনেতো মাইরা কাইটা নিয়ে গেল। আমরাতো ভোট দিতে চাই, যেই জিতুক।”
ভোটের একদিন আগে প্রচার-প্রচারণা না থাকার মধ্যে শুক্রবার নিজেদের নেতাকর্মীদের সঙ্গে ভোটের কৌশল নির্ধারণ নিয়ে সময় পার করেন প্রার্থীরা।
ভোটের বিষয়ে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, “আমরা এতো শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রচার করলাম, এটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি।
“নৌকার পক্ষে জোয়ার তৈরি হয়েছে, জনগণ আমাদেরকে ভোট দেবে। আমার নিশ্চিন্তে এখন ভোটের অপেক্ষা করছি।”
ছবি: গুলবার আলী জুয়েল
তরুণদের জন্য তথ্য-প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান ব্যাপক হারে সৃষ্টির পাশাপাশি শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি সেখানে দিয়েছেন।
এ প্রসঙ্গে বাদশা বলেন, “আমি ইশতেহার দিয়েছি। আমরা সরকার গঠন করতে পারলে প্রথম ছয় মাসের মধ্যে ইশতেহারের প্রতিটি বিষয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন করা হবে।”
বাদশার বিপরীতে বিপুল ভোটে জয়ী হয়ে এই আসনে পুনরায় সংসদ হবেন বলে আশা করছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যায় তাহলে ২০০১ সালের চেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হব। সে বার এই সংসদীয় আসনে বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধান হয়েছিল।
“আর গত সিটি করপোরেশনের মতো যদি ভোট হয়, তাহলে তো বলার কিছু নাই।”
ছবি: গুলবার আলী জুয়েল
প্রচারের শুরু থেকে এই পর্যন্ত তার নির্বাচনী এলাকায় ১৫৯ জন নেতাকর্মী ও সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “তিন দিন আগে বিয়ে করেছে তাকে ধরে নিয়ে গেল, সন্তান হয়েছে তাকে ধরে নিয়ে গেল। বড় স্বার্থের জন্য এই স্যাক্রিফাইস করছি আমরা।
“আমার যে ব্যানার-পোস্টার ছিল, তার অর্ধেক গতরাতেই (বৃহস্পতিবার) নাই করে দিয়েছে।”
মিনুর এসব অভিযোগের বিষয়ে বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি প্রার্থী অভিযোগ করছে পরাজয় জেনে। কারণ অভিযোগ না করলে পরাজয়টা যুক্তিপূর্ণ হয় না।”
