২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শেষ প্রচারের ‍উৎসব

রাজশাহী মহানগরীতে উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় নির্বাচনের শেষ দিনের প্রচার চালিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

ও রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2018, 12:04 AM

Updated : 19 Aug 2022, 03:06 PM

ভোটের দুই দিন বাকি থাকতে শেষ প্রচারের দিন বৃহস্পতিবার নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন তারা। সকাল থেকে রাত অবধি গণসংযোগ, মাইকিং আর মিছিলে সরগরম ছিল পুরো এলাকা।

রাজশাহী-২ (সদর) আসনে এবারের নির্বাচনে মহাজোট থেকে নৌকা প্রতীকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং ধানের শীষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

এখানে বর্তমান সাংসদ বাদশার আসন ধরে রাখার লড়াইয়ের বিপরীতে ফেরার লড়াইয়ে আছেন সাবেক সাংসদ ও মেয়র মিনু।

তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন কাস্তে প্রতীকে সিপিবির এনামুল হক এবং হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন।

Image
এখানে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর

এখানে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর

শেষ দিনের ভোটের প্রচারে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে মাইকিংয়ে ছিলেন কাস্তে ও হাতপাখার সমর্থকরা। গানে-গানে কিংবা স্লোগানে-স্লোগানে ভোটারদের সমর্থন চেয়েছেন সব প্রার্থীর কর্মীরা।

সকালে রাজশাহী মহানগরের চার নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন মোড় থেকে শেষ দিনের গণসংযোগ শুরু করেন রাজশাহী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা।।

মহাজোটে আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা এরপর ৮, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রচার চালান।

১৪ দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে নৌকা প্রতীকে ভোট চান বাদশা।

বিকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর থেকে মহানগরীতে একটি বড় আকারের মিছিল বের করা হয় নৌকা মার্কার সমর্থনে।

১৪ দলের রাজশাহী সমন্বয়ক ও সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এই প্রচার মিছিলে প্রার্থী ফজলে হোসেন বাদশাও অংশ নেন।

মসজিদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর আরডিএ মার্কেটের সামনে দিয়ে মনিচত্বর হয়ে সোনাদীঘির মোড় ঘুরে মালোপাড়া হয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছে মিছিলটি শেষ হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণসংযোগ করে শেষ দিনের প্রচার সারেন ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিনু সাহেব বাজার কাপড়পট্টি ও সোনাপট্টিসহ অন্যান্য মার্কেটে গিয়ে নিজের প্রতীকে সমর্থন কামনা করেন।

এসব মার্কেটের প্রায় প্রতিটি দোকানে যান তিনি। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজশাহী মহানগরীর উন্নয়নের জন্য’ ধানের শীষে ভোট চান সাবেক মেয়র মিনু।

ভুয়া ব্যালট ছাপাচ্ছে বিএনপি: বাদশা

নির্বাচনে ‘নিশ্চিত ভরাডুবি’ জেনে বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

বৃহস্পতিবার সকালে মহানগরীর চার নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, “বিএনপির পক্ষে জনমত নেই। সারা দেশে নৌকার জোয়ার উঠেছে। তাই বিএনপি এখন ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জিততে চায়।

“আমি শুনেছি, তারা এখন বগুড়ায় ভুয়া ব্যালট ছাপাচ্ছে। কিন্তু এসব ব্যালট নিয়ে তাদের কর্মী-সমর্থকরা যেন ভোটকেন্দ্রে ঢুকতে না পারে সেজন্য আমার দলের কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে বলছি।”

রাজশাহী-২ আসন নিয়ে নিজের ইশতেহার ঘোষণা প্রসঙ্গে বাদশা বলেন, “আমি রাজশাহীর মানুষের জন্য কী করতে চাই, তা স্পষ্টভাবে তুলে ধরেছি। তিনি ইশতেহার দেননি। তার কারণ হলো, বিএনপির কোনো লক্ষ্য নেই। তারা ব্যস্ত বোমা তৈরিতে। ইশতেহার লেখার সময় নেই। শুধু নির্বাচন বিতর্কিত করতে এবং নস্যাৎ করার চেষ্টায় তারা নির্বাচনে অংশ নিয়েছে।”

রাজশাহীর উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে বাদশা বলেন, “রাজশাহীবাসীকে আমি দারুণভাবে নৌকার প্রতি আকৃষ্ট করতে পেরেছি। তারা নৌকায় ভোট দেবেন এবং প্রমাণ করে দেবেন যে, তারা উন্নয়নের পক্ষে। আমি আর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন একসঙ্গে রাজশাহীবাসীর সব ন্যায্য দাবি আদায় করতে পারব।”

সিইসির চলে যাওয়া ‍উচিত ছিল: মিনু

দেশে নির্বাচনের কোনো ‘পরিবেশ নেই’ মন্তব্য করে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, এর দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার পদত্যাগ করা উচিত ছিল।

মঙ্গলবার রাজশাহীর সাহে বাজার এলাকায় গণসংযোগে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রধান নির্বাচন কমিশনার... আমারতো মনে হয় উনি দেশে গৃহযুদ্ধ লাগাবে। বর্তমানে সারা দেশে কোনো নির্বাচনী পরিবেশ নাই। লেভেল প্লেয়িং ফিল্ড বাদই দিলাম।

“নেতারা যেখানে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। এই অবস্থায় আমিতো মনে করি, প্রধান নির্বাচন কমিশনারের হটে যাওয়া উচিত ছিল।”

‘সঠিক নির্বাচন’ হলে রাজশাহী বিভাগে ৩৯টি আসনের মধ্যে ৩৮টিতে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে দাবি করেন তিনি।

মিনু বলেন, “বর্তমান অবৈধ সরকার পুনরায় জোর করে ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। আর সরকারকে সহযোগিতা করছেন বর্তমান অথর্ব ও সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার।”

যে কোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

প্রার্থী নেই, রাজশাহী-৬ আসনে দ্বিধায় বিএনপি

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে নিজেদের প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলমের বিপরীতে কাকে সমর্থন দেবেন, তা নিয়ে ভোটের তিন দিন আগেও দ্বিধায় আছেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শক্ত প্রতিদ্বন্দ্বী কাউকে সমর্থন দেবেন তারা।

আওয়ামী লীগের শাহরিয়ার আলমের সঙ্গে রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ। কিন্তু উচ্চ আদালতের আদেশে শেষ মুহূর্তে নির্বাচনী মাঠ থেকে ছিটকে গেছেন ধানের শীষের প্রার্থী।

এখন দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা থেকে সরে আসা নুরুজ্জামান খান মানিকের প্রার্থিতা ফেরানোর চেষ্টা কেন্দ্রীয়ভাবে চালানো হচ্ছে বলে জানান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এই দুই জনের বাইরে হাতপাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ এবং লাঙ্গলে জাতীয় পার্টির একবাল হোসেন সেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

স্থানীয় বিএনপির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থীর অবস্থানে এখন বিএনপির সমর্থন দেওয়ার মতো থাকলেন সুরুজ। চাঁদের বদলে সুরুজকে সমর্থন দেওয়া হবে, নাকি কাউকেই সমর্থন দেওয়া হবে না- সেটাই এখন সিদ্ধান্তের বিষয়।”

বিএনপি নেতা মামুন বলেন, “রাজশাহী-৬ আসন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা কেন্দ্র থেকেও কোনো নির্দেশনা আসেনি। জেলা বিএনপির সহসভাপতি নুরুজ্জামান খান মানিককে প্রার্থী করার জন্য দলের কেন্দ্র থেকে চেষ্টা চলছে। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাউকে সমর্থন দেওয়া হবে না।”

এর মধ্যে নৌকার প্রার্থীর বিপরীতে প্রার্থিতা প্রত্যাহার না করায় লাঙ্গলের প্রার্থী একবালকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় জাতীয় পার্টি।