ঢাকা-১৫: হতাশা কামাল মজুমদারকে নিয়ে, জামায়াত নেতায়ও ‘না’
গ্যাস-পানির সমস্যা, বেহাল রাস্তা-এগুলোর সঙ্গে মাদকের ছড়াছড়ি ও চাঁদাবাজি নিয়ে অসন্তুষ্ট ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের অনেকের আর আস্থায় নেই আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার।
অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা হওয়ায় তাকেও বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১৫ আসন। মিরপুর-১৩ ও ১৪ নম্বর, বাইশটেকি, ইব্রাহীমপুর, কাফরুল, বড়বাগ, পীরের বাগ, মণিপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা এলাকা রয়েছে এই নির্বাচনী এলাকায়।
তিন লাখ ৪০ হাজার ৫২৮ জন ভোটারের এই আসনে এবার প্রার্থী হয়েছেন ১০ জন, যাদের কেউই স্বতন্ত্র নন।
অন্যদিকে বিএনপির দুই প্রভাবশালী নেতা বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও যুব দলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে টপকে এই আসন থেকে এবার মনোনয়ন পেয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের নিবন্ধন না থাকায় এবার জোটসঙ্গী বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন দলটির নেতারা।
মিরপুরের কাফরুল ও মিরপুর থানার অধিবাসীরা বলছেন, নির্বাচনী প্রচারে এক দিনও মাঠে দেখা যায়নি শফিকুরকে। এমনকি অনেকে ‘জানেনও না’ এবার বিএনপির প্রার্থী কে।
জামায়াত নেতাকে ধানের শীষের প্রার্থী করায় ক্ষোভ প্রকাশ করে পাইকপাড়ার বাসিন্দা এমদাদুল হক বলেন, “বিএনপি যদি এই আসনটি পুনরুদ্ধার করতে চাইত তাহলে তারা জামায়াতে ইসলামীর নেতাকে মনোনয়ন দিত না।
পুরো নির্বাচনী এলাকা ঘুরে কোথাও ধানের শীষের কোনো পোস্টার দেখা যায়নি।
এই আসনে জাতীয় পার্টি, বিকল্পধারা, বিএনএফ, জাকের পার্টি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপির প্রার্থী থাকলেও তাদের কেউ নৌকার সঙ্গে ‘টক্করে পারবে না’ বলে মনে করছেন স্থানীয়রা।
অনেক চ্যালেঞ্জ কামাল মজুমদারের
চতুর্থবারের মতো সংসদ সদস্য হলে কামাল আহমেদ মজুমদারকে গোছাতে হবে নিজের দল। বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব, কোন্দল মেটাতে হবে তাকে।
কাফরুল থানা আওয়ামী লীগের একজন নেতা বলেন, এই অঞ্চলে প্রভাব বিস্তার করে রেখেছেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ।
এ এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের প্রভাবের কথাও বলেছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “ কাফরুল, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় জাহিদ ভাই ও নিখিলের গ্রহণযোগ্যতা বেড়েছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ভেবেছিল, তাদের দুজনের কেউ এবার হয়ত নমিনেশন পাবেন। কিন্তু সেটা আর হল না। তরুণ কর্মীরা খুব করে যুবলীগের দুই নেতাকে চাইছিলেন। ”
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশি কিছু বলতে পারব না। আমার নামটাও প্রকাশ করবেন না। ওরা এমনই প্রভাবশালী হয়েছে এখন মাঝেমধ্যে মনে হয়, ওরাই দুজন এই এলাকার সর্বেসর্বা। এমপি সাহেব সবই জানেন তবুও কেন ব্যবস্থা নেন না, তা জানতে পারিনি।“
কাফরুল থানা ছাত্রলীগের সাবেক নেতা সাঈদ হোসেন জামান বলেন, “এই এলাকায় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় বেড়েছে মাদক ব্যবসা। আর এই ব্যবসায় নাম লিখিয়েছে পুলিশ। গাঁজা, ইয়াবা, হেরোইন কোনটা বাদ দেব? একদম মেইন রোডের পাশে বসে ওপেনে এই ব্যবসা করে। কেউ প্রতিবাদও করতে পারে না।”
তিনি বলেন, “তাদের কারণে এলাকার লোকজন বলেন, আওয়ামী লীগের নেতারাও আতঙ্কে থাকেন। পুলিশও তাদের কথা শোনে। দুদিন পর পর এই এলাকা থেকে ছেলেপেলে ধরে নিয়ে যায়। পরে এতে দোষারোপ করা হয় এমপি সাহেবকে। তার নাম বেচে এসব আর কত দিন চলতে পারে? ”
আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতাদের দাপটে এলাকায় চাঁদাবাজি বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভের কথা জানান বাইশবাগের বাসিন্দা মো. আবুল কালাম, মধ্য পাইকপাড়ার বাসিন্দা আব্দুল খালেক ও ছাপড়া মসজিদ এলাকার গোলাম মোস্তফা।
আব্দুল খালেক বলেন, “আমরা ভোট দেই দিন পরিবর্তনের জন্য। কিন্তু সেই চাঁদাবাজি, সেই হয়রানি!”
মধ্য ও উত্তর পাইকপাড়া, মণিপুর, মিরপুর-১০ নম্বর ও ৬ নম্বর সেকশনের একাধিক বাসিন্দা জানান, এই অঞ্চলের নাগরিক দুর্ভোগের সবচেয়ে বড় কারণ জলাবদ্ধতা।
জামতলার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, “এহন অমন অবস্থা হইছে ১০ মিনিট বৃষ্টি হইলেই এলাকার রাস্তাঘাট কোমর সমান পানির তলে যায়গা। মাঝেমইধ্যে তো ভিতর এলাকায় নৌকা নামাইতে হয়।”
বাইশবাগের বাসিন্দারা জানান, কৃষিবিদ গলিটি বর্ষাকালে ডুবে থাকে কোমর সমান পানির নিচে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘কিছুটা উন্নতি’ হলেও কাফরুল ও মিরপুর অঞ্চলে পানি ও গ্যাসের সমস্যা এখনও সমাধান হয়নি বলে জানান পাইকপাড়ার বাসিন্দা এমদাদুল হক।
গোলাম মোস্তফা নামে একজন বলেন, “এই অঞ্চলের রাস্তাঘাটগুলো ভাঙ্গা। কবে ঠিক করবে কে জানে? গ্যাস ও পানির সমস্যা মেটাতে আমাদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয় তিতাস ও ওয়াসায়। এমপি সাহেবকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু তিনি ব্যবস্থা নেননি।”
পূর্ব কাজীপাড়ার বাসিন্দা আমাতুন নসির মনি জানান, বছরের আট মাসই তাদের পানির সমস্যা পোহাতে হয়।
“পানি বলতে গেলে আসেই না। কদিন আগে ওয়াসা থেকে নতুন লাইনের অনুমতি নিয়ে আসলেও সিটি করপোরেশনের লোকজন এসে ঝামেলা করছিল। পানির সমস্যা দীর্ঘ দিনের।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দলের কোন্দল মেটাতে তিনি কী পদক্ষেপ নেবেন এ বিষয়ে প্রশ্ন করা হলে কামাল মজুমদার বলেন, “এ বিষয়ে আমরা পরে কথা বলব।”
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে জানা যায়, কামাল আহমেদ মজুমদারের স্থাবর সম্পত্তির পরিমাণ গত নির্বাচনের তুলনায় বেড়েছে প্রায় পাঁচ লাখ টাকা। গত নির্বাচনে তার স্থাবর সম্পত্তি ছিল ১ কোটি ১৮ লাখ টাকার, অন্য দিকে এবারের নির্বাচনের আগে স্থাবর সম্পত্তির পরিমাণ হয়েছে ১ কোটি ২৩ লাখ টাকা।
২০১৪ সালের নির্বাচনে তার অস্থাবর সম্পত্তি ছিল ৫ কোটি ৮৬ লাখ টাকা, এবার তা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ টাকায়।
