২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের বিরুদ্ধে পার্থের রিট আবেদন খারিজ

ঋণ খেলাপের অভিযোগ এনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুকের মনোনয়ন পত্রের বৈধতা চ্যলেঞ্জ করে ওই আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থর রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ বলে খারিজ করে দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 11:33 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার আবেদনটি উত্থাপিত হয়নি বলে আদেশ দেয়।

আদালতে পার্থের পক্ষে শুনানিতে ছিলেন আহসানুল করিম ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আহসানুল করিম সাংবাদিকদের বলেন, “ফারুক সাহেব সেনালী ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিলেন এবং সেটা অনাদায়ী হিসেবে খেলাপি ছিল।

“যখন আমরা মামলাটির শুনানি করি, তখন অ্যাটর্নি জেনারেল সাহেব দুটি কাগজ এনে দেখালেন যে, গত ২ ডিসেম্বর সোনালী ব্যাংক তাদের ৬৪০তম বোর্ড মিটিংয়ের মাধ্যমে ঋণটিকে পুনঃতফসিল করে দিয়েছে। অ্যাটর্নি জেনারেল সাহেব আরেকটি চিঠি দেখান, যেখানে গত ২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ফারুক সাহেবের নাম বাদ দিয়েছে।”

এ আইনজীবী বলেন, “কোর্টে আমরা বলেছি, আইন অনুযায়ী যে তারিখে মনোনয়নপত্র দাখিল করা হয়, সে তারিখের স্ট্যাটাসটি দেখতে হবে। সেই তারিখে যদি কোনো প্রার্থী খেলাপী থাকে তাহলে বৈধ প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পেতে পারেন না।

“কিন্তু ২৮ নভেম্বর মনোনয়নের যে হলফনামা দেখা যায়, সেখানে ২ ডিসেম্বরের এই বিষয়টি আসতেই পারে না। ফলে আইন অনুযায়ী ফারুক সাহেব বৈধ প্রার্থী হিসেবে থাকতে পারেন না।”

আইনজীবী আহসানুল করিম বলেন, “কিন্তু আদালত মামলাটির মেরিটে কিছু বলেনি। বলেছেন, পার্থ সাহেব নির্বাচন কশিনের এ বিষয়ে কোনো আপিল করেননি। এই টেকনিক্যাল কারণ দেখিয়ে আদালত এই রিট আবেদনটি গ্রহণ করেননি।”

“তবে আদালত বলেছেন, আন্দালিভ পার্থের আবেদনটির যথার্থ কারণ আছে। চাইলে তিনি নির্বাচন কমিশনে যেতে পারেন নির্বাচনের পরে,” বলেন এই আইনজীবী।

তিনি বলেন, “পরিতাপের বিষয় হচ্ছে, একটা লোকের পাঁচ হাজার কোটি টাকার বেশি অনাদায়ী ঋণ থাকার পরও নির্বাচন কমিশন কীভাবে ওভারলুক করে গেল!”

পুরনো খবর:

‘ঋণখেলাপি’ ফারুকের প্রার্থিতা বাতিলে আদালতে পার্থ