সাঈদীর মুক্তির কথা বলে ভোট চাইছেন ছেলে
মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত রায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য ভোট চাইছেন তার ছেলে শামীম বিন সাঈদী, যিনি পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে আছেন।
একাদশ সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট চেয়ে সম্প্রতি তার একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ছাড়া হয়েছে।
ওই ভিডিওতে শামীম সাঈদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি নিজের বাবাকে মুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জামায়াতের নায়েবে আমির সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।
গত বছরের ১৭ জানুয়ারি সাঈদীর খালাস চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেন। আর রাষ্ট্রপক্ষ তার শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য রায়ের পুনর্বিবেচনা চায়।
কিন্তু আপিল বিভাগ গত বছরের ১৫ মে উভয় পক্ষের আবেদনই খারিজ করে দেয়। ফলে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডই বহাল থাকে। এখন তিনি কারাগারে সাজা খাটছেন।
২০১০ সালের ২৫শে মার্চ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের পাশাপাশি ‘যুদ্ধাপরাধী দল’ হিসেবে জামায়াতের বিচারের উদ্যোগ নিয়েছিল; কিন্তু আইন সংশোধন না হওয়ায় তা আটকে যায়।
এদিকে সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় ইসিতে দলটির নিবন্ধন বাতিল করে আদালত। ফলে রাজনৈতিক দল হিসেবে ভোটে অংশ নিতে না পেরে জামায়াতের নেতারা বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হওয়ার কৌশল নেয়।
কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি যোগ দেওয়ার পর এই নির্বাচনে আসন বণ্টনের ক্ষেত্রে নতুন-পুরনো উভয় জোটের শরিকদের কিছু আসন ছেড়েছে তারা।
এই প্রক্রিয়ায় জামায়াতের প্রায় দুই ডজন নেতা ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন। অন্যদিকে কামাল হোসেনের দলের নেতারাও ধানের শীষেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় ঐক্যফ্রন্টও ধানের শীষে ভোট চাইছে।
জামায়াতকে ভোটে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় বিএনপি বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে পড়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানও জামায়াতকে ধানের শীষ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত যুদ্ধাপরাধী দল হিসেবে পরিচিত। এদের সাথে বিএনপির সম্পর্ক থাকতে পারে না। তারপরেও যুদ্ধাপরাধ পরিবারের কাউকে ধানের শীষে নির্বাচন করতে দেওয়া দুর্ভাগ্যজনক। ধানের শীষ নিয়ে নির্বাচন করতে দেওয়ার দায় অবশ্যই বিএনপিকে নিতে হবে।”
“ইসলামের ইতিহাস’ নামের একটি ফেইসবুক পেজে সোমবার মধ্যরাতে আপলোড করা হয় শামীম সাঈদীর ভিডিও ক্লিপটি।
আদালতের চূড়ান্ত রায়ে দণ্ডিতের মুক্তির প্রতিশ্রুতি দেওয়ার বিষয়ে শামীম সাঈদীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ভিডিও তৈরি করে এভাবে ভোট চাওয়া নিঃসন্দেহে দেশের আইনের পরিপন্থি। আমাদের সংবিধানবিরোধী। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা উচিৎ।”
তিনি বলেন, “আমরা সবসময়ই বলে আসছি, যারা দণ্ডপ্রাপ্ত সেটা দুর্নীতির দায়েই হোক বা যুদ্ধাপরাধের দায়ে, যে কোনো ক্রিমিনাল অফেন্সের (ফৌজদারি অপরাধের) জন্য দণ্ডপ্রাপ্তদের নাম নির্বাচনী প্রচারণাতে ব্যবহার করা যাবে না।
“খালেদা জিয়া, সাঈদী, তারেক রহমানের নাম ব্যবহার করে সে নির্বাচনী আচরণবিধি গুরতর লঙ্ঘন করেছে। দ্রুত বিষয়টি নির্বাচন কমিশনের দেখা উচিৎ। এবং সে যদি এগুলো প্রত্যাহার না করে তাহলে প্রার্থিতা বাতিল করতে হবে।”
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তির মুক্তির কথা বলে ভোট চেয়ে শামীম সাঈদী শুধু বিচার ব্যবস্থা না, গোটা সংবিধানকেই চ্যালেঞ্জ জানিয়েছেন বলে মনে করেন শাহরিয়ার কবির।
তিনি বলেন, “এটা তো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ভোট চাওয়া। বিজয়ের মাসে এ ধরনের ভিডিও প্রকাশ করে সে ৩০ লাখ শহীদের সঙ্গে উপহাস করছে সে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গোটা দেশ-জাতিকে সে উপহাস করছে।”
ধানের শীষ দিয়ে শামীম সাঈদীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিএনপি ও কামাল হোসেনকে দায়ী করেন শাহরিয়ার কবির।
তিনি বলেন, “এর জন্য বিএনপি ও কামাল হোসেন গংদের জবাব দিতে হবে। এ বিষয়ে কামাল হোসেনকে প্রশ্ন করুন যে, সাঈদীর মুক্তির জন্য আপনারা নির্বাচন করছেন কি না?”
এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা মুখ খুলতে চাননি।
কামাল হোসেনকে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরদিন আবার প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।
