‘সহজ’ ইভিএমেও সন্দিহান রংপুরের ভোটাররা
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রদর্শনীতে এসে ভোটদানকে ‘সহজ’ বললেও ফলাফল নিয়ে সন্দেহ কাটছে না রংপুরের মানুষের মধ্যে।
এর পাশাপাশি বয়স্ক, অশিক্ষিত ও অক্ষরজ্ঞানহীন ভোটাররা ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, সেটা নিয়েও শঙ্কা আছে ভোটারদের।
এবার নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য বাছাই করা ছয়টি আসনের একটি রংপুর-৩। এ আসনের প্রায় সাড়ে চার লাখ ভোটার ইভিএমে ভোট দেবেন। ৩০ ডিসেম্বর যন্ত্রে ভোট নিয়ে কেন্দ্রে কেন্দ্রে প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছে নির্বাচন কমিশন।
এসব প্রদর্শনীতে নতুন পদ্ধতিতে ভোটদান নিয়ে আগ্রহ আর ঔৎসুক্য দেখা গেছে ভোটারদের মধ্যে।
সোমবার দুপুর থেকে রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে ইভিএমে ভোটের প্রদর্শনী করে নির্বাচন কমিশন।
ওই এলাকার চিলমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদর্শনীতে পরীক্ষামূলকভাবে ভোট দেওয়ার পর কথা হয় রংপুর সরকারি কলেজের ডিগ্রির ছাত্র মনজুরুল ইসলামের সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্মার্ট কার্ড আর ফিঙ্গার প্রিন্ট নিয়ে আমাকে চিহ্নিত করল। তারপর আরেকটা যন্ত্রে ভোট দিলাম। ভোট দেওয়া একদম সহজ।
“তবে কারও কারও জন্য কঠিন হতে পারে। যাদের ফিঙ্গার প্রিন্ট মিলছে না বা যারা শিক্ষিত নন তাদের জন্য।”
ওই কেন্দ্রের ভোটার হলেও প্রদর্শনীর সময় আঙুলের ছাপ মিলছিল না সেখানকার বাসিন্দা দেলোয়ার হোসেনের। পরে ভোটার লিস্ট দেখে এবং চেহারা মিলিয়ে তাকে ভোটদানের অনুমতি দেওয়া হয়।
“ভোটের সময় ফিঙ্গার প্রিন্ট না মিললে সহকারী প্রিজাইডিং অফিসার এভাবে অনুমতি দিতে পারবেন।”
ভোট ঠিকভাবে পছন্দের প্রতীকে দিতে পারবেন কি না তা নিয়ে সন্দেহের কথা বলেন ওই এলাকার ৫৮ বছর বয়সী ভোটার শাহাব উদ্দিন খলিফা। ১৯৮৬ সাল থেকে ব্যালটে ভোট দিলেও এবার নতুন অভিজ্ঞতা নিয়ে আনন্দও আছে তার মনে।
শাহাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারতো নতুন পদ্ধতি। হামার ভোট কোনঠে দিমু, কোনঠে যাইবে, জানি না।”
কয়েক দিন আগে নিজের কেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেওয়া শিখেছেন কেরানীপাড়া বাই লেন এলাকার ভোটার মিনারা আফরোজ বাবলি। নিজের কাছে সহজ মনে হলেও ‘অশিক্ষিত‘ ভোটাররা কতটুকু সফল হবেন- সেটা নিয়ে শঙ্কিত তিনি।
“আমি শিখি গেলা, সহজেই দিছি। যারা একটু গ্রামের সাইডে, তাদেরকেও শিখিয়ে নিতে হবে।”
ভোটারদের মধ্যে এমন সন্দেহ আর শঙ্কা থাকলেও তাদেরকে আশ্বস্ত করতে চাইছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব।
উত্তরের এই জেলার প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটার তালিকা আছে, স্মার্ট কার্ড আছে, ফিঙ্গার প্রিন্ট আছে। এখানে জালিয়াতি বা কারচুপির কোনো সুযোগ নাই। সবার সামনেই ভোটারকে চিহ্নিত করা হবে। ভোটাররা খুব সহজে ভোট দিতে পারবেন।”
এনামুল হাবীব বলেন, “ইভিএমের দায়িত্বে সেনাবাহিনীর যে টিম আছে, তারা ভাগ ভাগ করে প্রতিটি ওয়ার্ডে প্রদর্শনীর আয়োজন করছে। ভোটারদের সচেতন করার জন্য লিফলেট, মাইকিং, ব্যানার-পোস্টারসহ সব ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী বা তাদের প্রতিনিধিকে ইভিএমের পদ্ধতি জানানো হয়েছে।”
এই আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ লড়ছেন দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে
রংপুরের এই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষে জাতীয় ঐক্যফ্রন্টের রিটা রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান সরকারের সিনিয়র মন্ত্রী মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা পিপলস পার্টি অব বাংলাদেশের আহ্বায়ক।
এরশাদের অবর্তমানে তার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ইভিএমে ভোটে আস্থা রাখার কথা বলা হলেও শঙ্কা প্রকাশ করেছেন ধানের শীষের প্রার্থী রিটা রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার নির্বাচনী এলাকায় অনেক ভোটারই খেটে খাওয়া মানুষ। ইভিএম নিয়ে কিছুই জানে না এমন ভোটারও এখানে আছে। ইভিএমে কারচুপি করা অতি সহজ হবে বলেও জনমনে শঙ্কা আছে।”
গণসংযোগে ধানের শীষের প্রার্থী রিটা রহমান
এরশাদের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোনো শঙ্কা নেই। তবে গ্রামের মানুষকে আরো প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে যদি বিষয়টি পুরোপুরি শেখানো যায় তাহলে কোনো সমস্যা হবে না।”
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তফা বর্তমানে রংপুর সিটি করপোরেশনের মেয়র।
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রংপুর প্রতিনিধি আফতাবুজ্জামান হিরু)।
