যশোরে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে আটক ৩
একাদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি থেকে স্থানীয় তিন নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবু।
সেপ্টেম্বর মাসে দায়ের করা নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।
ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে ঢাকা-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া গার্লস স্কুলের সামনে থেকে ওই তিনজনকে নিয়ে যায় পুলিশ।
“প্রচারের জন্য আমি ইছালী ইউনিয়নে যাচ্ছিলাম। পাঁচবাড়িয়া গার্লস স্কুলের সামনে পুলিশ রাস্তায় ট্রাক রেখে ব্যারিকেড দিয়ে আমার গাড়ি বহরের পথ আটকায়। সেখানে র্যাব ও বিজিবির লোকও ছিল।ওখানে আমার গাড়ি থেকে তিন নেতাকে আটক করে নিয়ে যাওয়া হয়।”
পরে যশোরের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আব্দুল আউয়ালে কাছে অভিযোগ করেন অমিত।
সেখানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রচার যখন করতে দেবে না, তখন একটা কাজ করলেই পারে। সরকার থেকে আমাদের দলের উচ্চ পর্যায়ে বলে দিক, আমরা নির্বাচন করতে পারব না। আমরা কাজ করা বন্ধ করে দেব।”
বিএনপি নেতাদের আটকের বিষয়ে জানতে চাইলে যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেপ্টেম্বর মাসে একটি নাশকতার মামলায় ওই তিনজনকে আটক করা হয়েছে।”
