সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাইছে ঐক্যফ্রন্ট: আ. লীগ
সেনাবাহিনীকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির বিবৃতি ‘আপত্তিজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
একাদশ সংসদ নির্বাচনের ৫ দিন আগে সোমবার নির্বাচন ভবনে গিয়ে বিভিন্ন স্থানে বিএনপির হামলার অভিযোগ দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা আকতারুজ্জামান।
ভোটের জন্য সোমবার থেকে সারাদেশে সেনা মোতায়েন হয়েছে। এত দিন ধরে নানা অভিযোগ জানিয়ে আসা বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা আশা করছেন, নির্বাচনে এখন সবার সমান সুযোগ নিশ্চিত হবে।
রোববার এই আশা প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছিলেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
তিনি বলেন, “বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাদের দেশপ্রেমিক, পেশাদার ও সুশৃঙ্খল সশস্ত্র বাহিনীকে নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটি খুবই আপত্তিজনক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”
সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে আওয়ামী লীগ নেতা বলেন, “বাংলাদেশে পেশাদার সেনাবাহিনীর একটি সার্বজনীন মর্যাদা রয়েছে। তারা কোনো দলের বা কোনো পক্ষের নয়, সুতরাং কারও এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই।”
সেনা মোতায়েনের পর বর্তমান অবস্থার পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করছিলেন বিএনপি নেতারা।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আকতারুজ্জামান বলেন, “আমরা আশা করি, পরিবেশ নিশ্চয়ই আগের থেকে ভালো হবে; সুন্দর ও সুষ্ঠু হবে।”
ভোটের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী নিহত ও ২৫০ জন আহত হয়েছেন দাবি করে এর জন্য বিএনপি ও ঐক্যফ্রন্টকে দায়ী করেছে আওয়ামী লীগ।
সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঝালকাঠি, পাবনা, বগুড়া, জয়পুরহাট, ঝিনাইদহের বেশ কিছু স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি-জামায়াত কর্মীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন আকতারুজ্জামান।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে হামলার অভিযোগ জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।
