২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১৭: ‘হেভিওয়েট’দের আসনে এরশাদ-নাটক

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফারুক প্রার্থী ঢাকা-১৭ আসনে; কিন্তু তাকে ছাপিয়ে রাজধানীর এই আসনটিতে আলোচিত জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 09:54 PM

Updated : 11 Oct 2022, 12:51 PM

পুরনো খবর:

ঢাকা মহানগরে ১৩০ প্রার্থী, ‘সিংহ’ কেবল হুদা

এরশাদ এই আসনটিতে প্রার্থী হলেও গতবারের মতো এবারও তাকে নিয়ে নাটকীয়তার ইঙ্গিত মিলছে নানা ঘটনায়।

আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গড়লেও এরশাদ লাঙ্গল প্রতীকে এই আসনে প্রার্থী হন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক; তিনি নৌকা প্রতীক নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।

তবে এরশাদের জয়ের বিষয়ে আশাবাদী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতীর ভাষায়, ফারুক চলচ্চিত্রের নায়ক হলেও তার নেতা হলেন ‘রাজনীতির নায়ক’।

বিএনপি এই আসনে তাদের দলীয় প্রতীক ধানের শীষ দিয়েছে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপি আমলের মন্ত্রী নাজমুল হুদাও সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এখানে। আসনটির বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদও রয়েছেন ভোটের লড়াইয়ে।

সব মিলিয়ে সারাদেশে আগ্রহের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে ঢাকার অভিজাত ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্যান্টনমেন্টের ১৫ও ৯৮ নম্বর ওয়ার্ড, গুলশানের ১৮, ১৯, ২০; কাফরুলের ১৫; পল্লবীর ১৫; তেজগাঁও শিল্পাঞ্চলের ২০ নং ওয়ার্ড গঠিত ছিল ঢাকা-৫ আসনে।

২০০৮ সালে সীমানা পুনর্বিন্যাসের পর ঢাকা-৫ ভেঙে ঢাকা-১১, ১৫ (অর্ধেক), ১৭ ও ১৮ আসন গঠন করা হয়। ঢাকা-১৭ আসনে পড়ে উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং সেনানিবাস এলাকা।  অভিজাত ও কূটনীতিক এলাকা গুলশান, বনানী, এই আসনের মধ্যেই রয়েছে।

এই আসন থেকে অতীতে নির্বাচন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। ২০১৪ সালের বিএনপিবিহীন নির্বাচনে বিএনএফের আবুল কালাম আজাদ আসনটি থেকে নির্বাচিত হন, সেবার আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না এই আসনে।

Image
শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শেখ হাসিনার পাশে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: পিআইডি

শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শেখ হাসিনার পাশে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মধ্যে আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: পিআইডি

দশম সংসদ নির্বাচনেও এই আসনে প্রার্থী হয়েছিলেন এরশাদ; কিন্তু শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হন তিনি। ঢাকা-১৭ আসনে তার মনোয়নপত্র প্রত্যাহার হলেও রংপুরে থেকে যায়। ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরে এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন। তার দল সংসদে বিরোধী দলের আসনে বসে, বিরোধীদলীয় নেতা হন তার স্ত্রী রওশন এরশাদ। আবার সরকারে যোগ দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী হন এরশাদের দলের তিন নেতা।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার পর জাতীয় পার্টি আবার আওয়ামী লীগের মহাজোটে ভেড়ে; কিন্তু শতাধিক আসনে প্রার্থী রেখে দিয়েছে জাতীয় পার্টি, তার মধ্যে ঢাকা-১৭ আসনে এরশাদ আছেন।

এবারও ভোটের আগে নাটকীয়ভাবে অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে কাটানোর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন এরশাদ। এর মধ্যে ঢাকা-১৭ আসন থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। দলের নেতারা বলছেন, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে সিঙ্গাপুর থেকে এরশাদের ফেরার পর।

এখনও লাঙ্গল প্রতীকে এরশাদের পক্ষে প্রচার চালিয়ে যাওয়া ফয়সল চিশতী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারুক সাহেব হলেন সিনেমার নায়ক, আর এরশাদ সাহেব হলেন রাজনাতির নায়ক।

“তিনি এই এলাকার এমপি ছিলেন। এই অঞ্চলের মানুষের উন্নয়ন কেবল তিনিই করতে পারেন। তার সময়ে যে উন্নয়ন হয়েছে, তা আর কেউ করতে পারেনি। তিনি নির্বাচিত হলে তার সময়ে অসমাপ্ত কাজগুলোই শেষ করবেন।”

এই আসনে মনোনয়ন দিতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে আওয়ামী লীগকে। অনেকের নাম শোনা গেলেও শেষে শিকে ছেঁড়ে ফারুকের।

গণসংযোগ চালিয়ে যাওয়া অভিনেতা ফারুক নিজেকে ‘রাজনীতির মানুষ’ হিসেবে দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতির ময়দান থেকেই আমি চলচ্চিত্রে এসেছিলাম। বঙ্গবন্ধুর ডাকে আমি মুক্তিযুদ্ধ করেছি।

“আজ অনেক দিন পর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। তিনি

বিশ্বাস করেন, আমি জনগণকে নতুন কিছু দিতে পারব।”

তবে ফারুককে নিয়ে সন্তুষ্ট নন এই আসনটির আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী।

ভাষানটেক থানা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুর্ভাগ্য, এবারও আমরা স্থানীয় কোনো নেতাকে প্রার্থী হিসেবে পেলাম না।

“আমাদের দাবি ছিল, এবার যেন এখানকার কাউকে নমিনেশন দেওয়া হয়। কিন্তু দলের হাই কমান্ড কী বুঝল, কে জানে!”

তবে এখন দলের নির্দেশনা অনুযায়ী ফারুকের পক্ষে কাজ করছেন বলে জানান মোশাররফ।

এই আসনটিতে মনোনয়নের দৌড়ে থাকা বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যেহেতু দলের আদর্শ-নীতিতে বিশ্বাসী, তাই নেত্রীর নির্দেশ মাথা পেতে নিলাম।”

Image
ভোটের প্রচারে ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থ

ভোটের প্রচারে ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থ

ভোলা থেকে সংসদে প্রতিনিধিত্ব করে আসা পার্থকে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী করায়ও ছিল নাটকীয়তা। বিজেপির চেয়ারম্যান পার্থ অবশ্য ঢাকায় এই এলাকাতে থাকেন।

পার্থ বলেন, “এ এলাকায় মানুষের সমস্যা ও অধিকারের কথা সংসদে বলার মতো যোগ্য প্রার্থী এত দিন ছিল না। মানুষের মনে আতঙ্ক রয়েছে ভোটকেন্দ্রে যাবেন কীভাবে!  তবে আশা করব, তারা সব শঙ্কা উপেক্ষা করে ধানের শীষে ভোট দেবেন। জবাব দেবেন সব অপশাসনের।”

তবে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের ‘বাধায়’ তার নির্বাচনী গণসংযোগ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অভিযোগ জানাতেও চান না তিনি।

“আমি নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে কিছু বলতে চাই না। আমার কথা শুনলে ওদের ‘ব্লাড অ্যামোনিয়া হাই’ হয়ে যাবে বলে আমার ধারণা। তাছাড়া ওখানে গিয়ে শুধু সময় নষ্টই করা হবে। লাভ নেই।”

বিএনপি ছেড়ে আওয়ামী লীগের বলয়ে ভেড়া নাজমুল হুদার আশা ছিল তৃণমূল বিএনপির হয়ে নৌকা প্রতীকে ভোট করার; কিন্তু তা হয়নি বলে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন তিনি।

তবে ভোটের মাঠে আসতে ঢাকার দোহারের সাবেক এই সংসদ সদস্যকে লড়তে হয়েছে আইনি লড়াই। নিজের দলের নিবন্ধন ও দুদকের ঋণখেলাপি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।

Image
সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে আছেন নাজমুল হুদা

সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে আছেন নাজমুল হুদা

নাজমুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ আসন থেকে আমি নির্বাচন করিনি কখনও। তবে এই আসনের ভোটাররা আমাকে চেনেন। ঢাকা-১ (দোহার) আসনে আমি কী কী কাজ করেছি, তা তারা নিশ্চয় জানে। এই আসনে রয়েছে ক্যান্টনমেন্ট এলাকাও। সেখানে ভোটাররা আমাকে মূল্যায়ন করেবে বলে আমি বিশ্বাস করি।”

ভোটের প্রচলিত প্রচারে হুদাকে তেমন দেখা না গেলেও তিনি বলছেন, তার ‘ডিজিটাল’ প্রচার চলছে।

তরুণদের লক্ষ্যবস্তু করে ফেইসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিংহ প্রতীকের প্রচার চলছে বলে জানান হুদা।

বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ গতবার এরশাদ নাটকীয়তার ফাঁক গলে এমপি হলেও এবার তার কোনো আশা দেখছেন না ভোটাররা। 

আসনটিতে আরও প্রার্থী রয়েছেন বাসদের এসএম আহসান হাবিব, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিনুল হক তালুকদার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের আলী হায়দার ও বিকল্প ধারার এ কে এম সাইফুর রশিদ।

অস্থানীয়দের ভিড়ে এখনও আবেদন এরশাদের

রাজনীতিতে অবস্থান নড়বড়ে হলেও ঢাকা-১৭ আসনের অনেক ভোটারের কাছে আবেদন রয়েছে সাবেক রাষ্ট্রপতি এরশাদের। নর্দা, কালাচাঁদপুর, কড়াইল, সাততলার বাসিন্দারা তাদের এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য এরশাদকে কৃতিত্ব দেন।

কড়াইলের এরশাদনগরের বাসিন্দা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মোহাম্মদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এলাকায় স্কুল দিয়েছেন তিনি। গ্যাস এসেছে তার জন্য। রাস্তাঘাটও করে দিয়েছেন। গরিব মানুষের জন্য কাজ করেছেন। আমার ভোট আমি তাকে দেব।”

Image
তফসিল ঘোষণার আগেই ঢাকা ১৭ আসনে গণসংযোগ করেন এরশাদ

তফসিল ঘোষণার আগেই ঢাকা ১৭ আসনে গণসংযোগ করেন এরশাদ

নর্দার ওমর ফারুক বলেন, “এক সময় ঢাকা শহর থেকে বিচ্ছিন্ন ছিল এই জনপদ। আওয়ামী লীগ, বিএনপির নেতারা উন্নয়নের বুলি দিয়ে গেছেন । কিন্তু কোনো উন্নতি হয়নি। এরশাদ সাহেব এমপি হয়ে অনেক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট করেছেন, স্কুল কলেজ করেছেন।”

ভাষানটেকের নেভি কলোনীর বাসিন্দা মোহাম্মদ হারুন বলেন, “এই আসনে স্থানীয় বাসিন্দা না হলেও এরশাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ফারুক সাহেব নতুন , তাকে এলাকার ভোটাররা সেভাবে চিনে না।”

বনানীর ব্যবসায়ী আব্দুল হাকিম বলেন, “পার্থ, হুদা আর ফারুক - রাজনীতিবিদ হিসেবে নিশ্চয় এরশাদের চেয়ে অভিজ্ঞ নন তারা।  ভোটের মাঠে এরশাদ এগিয়ে থাকবেন, অবশ্য যদি তিনি সরে না দাঁড়ান।”

তবে এরশাদকে নিয়ে ভিন্ন মতও এসেছে। 

কচুক্ষেতের বাসিন্দা আনোয়ার আলী সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৮ সালের নির্বাচনে তিনি জিতেছিলেন আওয়ামী লীগের ভোটে। এবার আওয়ামী লীগের প্রার্থী আছে। এই আসনে লাঙ্গলের ভোটার কম। নৌকার সাপোর্ট না পেলে লাঙ্গল আগাবে না।”

আবার নৌকার প্রার্থী ফারুক স্থানীয় না হওয়ায়, তাকে নিয়েও সংশয়ী অনেক ভোটার।

দুই দশক ধরে মহাখালীর ওয়ারল্যাস গেইট এলাকার বাসিন্দা ফখরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশা করেছিলাম এবার স্থানীয় কোনো প্রার্থীকে নমিনেশন দেবে আওয়ামী লীগ। স্থানীয় প্রার্থীরা এলাকার সুবিধা অসুবিধা ভালো বুঝতেন।

“নতুন কোনো প্রার্থী এসে এই এলাকার সমস্যা কবে দেখবেন, কবে বুঝবেন, কবে সমাধান করবেন- এ নিয়ে সন্দেহ আছে আমাদের। ফারুক সাহেবকে যেহেতু দেওয়া হয়ে গেছে, আমরা অপেক্ষায় থাকব।”

শাহজাদপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “অনেক দিন পরে শুনছিলাম, এই আসনে এইবার আওয়ামী  লীগের কেউ দাঁড়াইবে।কিন্তু এমন একজনরে দিসে শেষমেষ, যে কখনও কোথাও এমপিও হয় নাই।  এই এলাকা ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন কাউরে এমপি নমিনেশন দিলে, সে কতটা চিনব আমাদের এলাকা?”

হতাশা প্রকাশ করেছেন নর্দার বাসিন্দা আওয়ামী লীগের তরুণ সমর্থক রুবেল হোসেনও।

Image
নির্বাচনী গণসংযোগে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক

নির্বাচনী গণসংযোগে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক

তিনি বলেন, “নায়ক হিসেবে ফারুক সাহেবের গ্রহণযোগ্যতা রয়েছে। দলের প্রতি অনুগত থেকে তিনি হয়তোবা প্রার্থী হিসেবেও উপযুক্ত ছিলেন। কিন্তু  এই আসনে আমরা একজন সিনিয়র নেতা চেয়েছিলাম। এই আসনে যারা রাজনীতি করছেন, আওয়ামী লীগের, এমন কাউকে পেলে বড় ভালো হত।”

ভাষানটেকের লালসারাই এলাকার তিন তরুণ ভোটার মোহাম্মদ মিরাজ, শেখ রোকন, লুৎফুর রহমান বলছেন, এবারের নির্বাচনে তিনটি প্রধান দলের উচিৎ ছিল স্থানীয় কোনো নেতাকেই মনোনয়ন দেওয়া।

মিরাজ বলেন, “স্থানীয় কেউ হলে বুঝত আমাদের কথা। বাইরে থেকে কেউ এসে কতটা বুঝবে আমাদের কথা, আমরা জানি না। ”

মহাখালী কাঁচাবাজার এলাকার বাসিন্দা আমজাদ শেখ সমর্থন করেন বিএনপিকে।

তিনি বলেন, “এটা কোনো নির্বাচন হচ্ছে? সব জায়গাতেই দেখেন, আওয়ামী লীগের পোস্টার। বিএনপির প্রার্থীকে বের হতে দেওয়া হচ্ছে না। এই আসনে এবার আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করছে, লাঙ্গলকে সাথে পাবে না। দেখা যাবে, কত ভোট পায়। বিএনপির সম্ভাবনা রয়েছে।”

একই এলাকার বাসিন্দা জসিম মন্ডল বলেন, “ এই এলাকাতে বিএনপির প্রচুর ভোটার আছে।  নির্বাচনে কারচুপি না হলে বিএনপি জিতবে এ  আসন থেকে।”

‘সন্ত্রাসে ধুয়ে গেছে সব উন্নয়ন’

ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় কথা হয় প্রবীণ বাসিন্দা আনোয়ার আলী সরকার, মুক্তিযোদ্ধা মিলন চন্দ্র মজুমদাদের সঙ্গে।

দুই প্রবীণের অভিযোগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলে যা কিছু উন্নয়ন হয়েছিল তাদের অঞ্চলের, তা সন্ত্রাসের কাছে অনেকটাই ম্রিয়মান।

আনোয়ার আলী সরকার জানান, নির্বাচনী গণসংযোগ শুরু হওয়ার পর কচুক্ষেতের মুসলিম মডার্ন রোডে খুন হন একজন হার্ডওয়ার ব্যবসায়ী।

এই রোডের ব্যবসায়ী জামাল শেখ বলেন, “বিএনপি বলেন আর আওয়ামী লীগ, সব আমলেই চাঁদাবাজি, সন্ত্রাস ছিল। এখনও আছে। কদিন আগেই একজনকে চাঁদার দাবিতে মেরে ফেলল দুর্বৃত্তরা। এরা কারা এসব তো সহজেই জানা যায়। কী বলব!  চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি, সন্ত্রাসী লেলিয়ে দেওয়া এসব তো চলছেই।”

মিলন চন্দ্র মজুমদার বলেন, “এই এলাকার সাংসদরা যা কিছু উন্নয়ন করেছিল, সবকিছু ধুয়ে গেছে তাদের দলের সংগঠনের নেতাদের কারণে। এবার যারা নির্বাচিত হবেন, তাদের কাছে প্রত্যাশা থাকবে , সবার আগে নিজের দলের সদস্যদের সন্ত্রাস, চাঁদাবাজি থেকে যেন দূরে রাখেন।”

এই এলাকায় সন্ত্রাসের দিকটি উল্লেখ করে হুসেইন মুহম্মদ এরশাদ তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন,  তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই এলাকার মানুষ আর গুম-খুন দেখবে না।

বিএনপির পার্থ ও তুণমূল বিএনপির নাজমুল হুদাও সন্ত্রাসকে এই এলাকার ‘প্রধান সমস্যা’ বলে চিহ্নিত করেছেন।

পার্থ বলেছেন, এই অঞ্চলে সন্ত্রাসের সঙ্গে বিস্তার করছে মাদক ব্যবসাও। তিনি নির্বাচিত হলে এই আসন থেকে মাদক ‘চিরতরে নির্মূল’ করবেন।

ফারুক বলেন, “আমি বলছি না, সংসদ সদস্য হয়ে রাতারাতি সব করে ফেলব। তবে আমি বলব, সমস্যার সমাধান সম্ভব। উন্নয়নের কমিটমেন্ট দিয়েছে আমার দল। আমি চেষ্টা করব।”

রাজধানীর অভিজাত এই এলাকায় রয়েছে বেশকটি কূটনৈতিক মিশন। ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর বদলে যায় এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার কড়াকড়ি আরোপ করা হয় গুলশান-বনানী এলাকায়।

কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে নাজমুল হুদা সতর্ক থাকার অঙ্গীকার করে বলেছেন,  তিনি নির্বাচিত হলে কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থায় ‘নতুনত্ব’ নিয়ে আসবেন।

তবে তার দৃষ্টিতে ‘অন্যতম’ সমস্যা হল বস্তিবাসীর আবাসন সমস্যা। বস্তিবাসীর জন্য স্থায়ী আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার নির্বাচনী ওয়াদায়। রয়েছে একটি সরকারি হাসপাতাল স্থাপনের অঙ্গীকারও।

বর্তমান সংসদ সদস্য বিএনএফের আবুল কালম আজাদ কখনও নির্বাচনী এলাকায় যেতেন না বলে অভিযোগ স্থানীয় অনেকের।

নিকেতনের বাসিন্দা রুকাইয়া সুলতানা বলেন, “তাকে কখনও এলাকায় আসতে দেখিনি। আমরা শুধু জানি, তিনি এলাকার সাংসদ। কিন্তু তার টিকিটিও দেখিনি মহাখালী, গুলশানে।”

ভোটারদের এই অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে আবুল কালাম আজাদ  বলেন, “আমি এখন কিছু বলব না। আগামী ২৪ তারিখ আমি সংবাদ সম্মেলন করে সব বলব।”

আগের নির্বাচনের ফল

১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-বাড্ডা-উত্তরা (ঢাকা-৫) এলাকা থেকে নির্বাচিত হন বিএনপির প্রার্থী ডা. আ. রউফ। প্রদত্ত মোট ৭৫ হাজার ৪৭২ ভোটের মধ্যে তিনি পেয়েছিলেন ৩৪ হাজার ২২ ভোট। আওয়ামী লীগ (মালেক) পায় ১৯ হাজার ৬৫৪ ভোট, আওয়ামী লীগ –মিজানপন্থী’র প্রার্থী মুখলেছুর রহমান পান ৪ হাজার ৭১৩ ভোট।

১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ কে এম রহমতউল্লাহ এই আসনে ৫০ হাজার ৬৬২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৩ হাজার ৭৩ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেন আওয়ামী লীগের সাহারা খাতুনকে। পরে খালেদা ছেড়ে দিলে উপনির্বাচনে জয়ী হন বিএনপির কামরুল ইসলাম।

১৯৯৬ সালের নির্বাচনে আসনটিতে নৌকা জয় পায় জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া এ কে এম রহমতউল্লাহ। তিনি ধানের শীষের কামরুলকে হারান ২৩ হাজার ভোটে। ২০০১ সালে আবার রহমতউল্লাহকে ৫৪ হাজার ভোটে হারিয়ে নির্বাচিত হন কামরুল।

২০০৮ সালে সীমানা পুনঃনির্ধারণের পর ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হন আ স ম হান্নান শাহ্। তিনি হেরে যান মহাজোটের এরশাদের কাছে। 

২০১৪ সালে বিএনপিবিহীন নির্বাচনে এরশাদের মনোনয়নপত্রও প্রত্যাহার হওয়ায় এক স্বতন্ত্র সংসদ সদস্যকে হারিয়ে বিজয়ী হন বিএনএফের আজাদ।