২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে মঈন খানের প্রচারে হামলার অভিযোগ

নরসিংদীর পাঁচদোনা বাজারে বিজয় দিবসের দিনে বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারে হামলার খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 03:35 PM

Updated : 11 Oct 2022, 12:50 PM

রোববার বেলা সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই হামলা চালায় বলে মঈন খানের অভিযোগ।

এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের বক্তব্য পাওয়া না গেলেও হামলার পর পাঁচদোনা মোড়ে হকিস্টিক ও লাঠি হাতে কিছু যুবককে ‘জয় বাংলা’ এবং নৌকার পক্ষে স্লোগান দিতে দেখা গেছে।

হামলায় মঈন খানের সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হলেও তিনি অক্ষত আছেন।

নরসিংদী-২ আসনে মঈন ধানের শীষ প্রতীক একাদশ সংসদ নির্বাচনে লড়ছেন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল আশরাফ খান।

সন্ধ্যায় মঈন খান নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তার কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ৫০ জন কমবেশি আহত  হন।

Image
হামলার স্থানে রাস্তায় গাড়ির ভাঙা কাচের টুকরো

হামলার স্থানে রাস্তায় গাড়ির ভাঙা কাচের টুকরো

কর্মী-সমর্থকরা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন জানিয়ে তিনি বলেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, চাপাতি, হকিস্টিক, লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং পরপর কয়েক রাউন্ড গুলি ছেড়ে।

এতে মঈন খানের ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালকসহ অন্তত ৫০ নেতাকর্মী লাঠির আঘাতে আহত হন বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

তাকে মেরে ফেলার জন্য এ হামলা চালানো হয় এবং বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে রেখে তার প্রাণ রক্ষা করেছেন উল্লেখ করে তিনি কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এরপরও তিনি নির্বাচন থেকে সরে যাবেন না, আওয়ামী লীগকে ওয়াকওভার দিবেন না এবং এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের শান্তিপূর্ণ প্রতিবাদ করে যাবেন বলে জানান।

এ সময় বিএনপির সাবেক এমপি শিরীন সুলতানা, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেত ভূইয়া, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঘটনার পরপরই বর্ণনা দেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া।

শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের লোকজন হামলা করেছে অভিযোগ করে তিনি বলেন, “স্যার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। লিফলেট বিলি করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুদিক থেকে আমাদের ওপর আক্রমণ করে। তারা গুলি ছুড়েছে।”

Image
হামলার স্থানে পড়ে থাকা মঈন খানের লিফলেট

হামলার স্থানে পড়ে থাকা মঈন খানের লিফলেট

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা বাজারে গণসংযোগ করতে যান মঈন খান। কিছুক্ষণের মধ্যেই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে কিছু যুবক।

মঈন খান নেতাকর্মীদের নিয়ে বাজারের একটি চালের দোকানে আশ্রয় নেন। সেখানেও হামলা চালানো হয়। পরে সেখান থেকে চলে যান তিনি। 

দুপুর একটার দিকে ঘটনাস্থলে গিয়ে ধানের শীষের কিছু লিফলেট, গাড়ির ভাঙা কাচ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনার বিষয়ে জানতে মাধবদী থানার ওসি আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার খবর তিনি শুনেছেন।

“আমি বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠিয়েছি।”