২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেমন নির্বাচন চান, জানালেন ইউরোপীয় দূতরা

একটি ‘সত্যিকারের বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ’ নির্বাচন নিশ্চিতে সরকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2018, 10:19 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

নির্বাচনের আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের ভোটের প্রচারণার সময়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে সোমবার একটি যৌথ বিবৃতি আসে তাদের পক্ষ থেকে।    

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে।

এ নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতিকেও স্বাগত জানান ইউরোপীয় দূতরা।  

সব রাজনৈতিক দলকে তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।  

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে আইন মেনে চলবে এমনটা প্রত্যাশা করেন ইউরোপীয় মিশনপ্রধানরা।   

বিবৃতিতে বলা হয়, “এই প্রক্রিয়া জুড়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গণমাধ্যম ও সুশীল সমাজের পুঙ্খানুপুঙ্খ নজরদারি বিশেষ গুরুত্বপূর্ণ।”

ইউরোপীয় ইউনিয়নভূক্ত (ইইউ) কয়েকটি দেশ এবং নরওয়ে ও সুইজারল্যান্ডের মিশনপ্রধানেদের মতে, অংশগ্রহণমূলক নির্বাচন জাতীয় উন্নয়নের চলমান প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য  একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ঢাকায় ইইউর মিশন প্রধান রেনসে তেরিংক, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক, ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস গিমেনেজ, সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার,  ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বার্দিন, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোলৎজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেন হোলেনস্টেইন।