খুলনার পুলিশ কমিশনারকে সরানোর নির্দেশ
খুলনা মহানগর পুলিশ কমিশনার মো হুমায়ুন কবিরকে সরিয়ে দিয়ে নতুন একজনকে দায়িত্ব দিতে বলেছে নির্বাচন কমিশন।
শুক্রবার এ সংক্রান্ত নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন।
নির্বাচন সামনে রেখে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের রদবদলে বিএনপির দাবির মধ্যে এ নির্দেশনা দিল ইসি।
নারায়ণগঞ্জ এসপি আনিসুর রহমানকেও বদলি করার দাবি জানিয়েছিল বিএনপি। তারপর সেখানে পরিবর্তন এনে হারুন অর রশীদকে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়। দুজন ওসিকেও প্রত্যাহার করে ইসি।
এর ধারাবাহিকতায় এবার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হল। নতুন কাউকে নিয়োগের বিষয়েও ইসির সম্মতি নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে।
