স্থানীয় জনপ্রতিনিধিদের প্রার্থিতা নিয়ে নির্দেশনা পাঠালো ইসি
স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা আসন্ন নির্বাচনে প্রার্থী হতে চাইলে কোন কোন নিয়ম মানতে হবে তা জানিয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার দুই দিন আগে মঙ্গলবার ‘সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতার বিধান’ শীর্ষক এই নির্দেশনা পাঠানো হল।
চিঠিতে বলা হয়, কোনো প্রার্থী লাভজনক ও সংবিধিবদ্ধ সংস্থার সঙ্গে যুক্ত থাকলে তার মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা সংবিধান ও দণ্ডবিধির ২১ ধারাসহ আইনের অন্যান্য ধারা পরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, সংবিধান ও অন্যান্য আইনের ধারা অনুযায়ী লাভজনক পদে থাকলে সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করতে হবে।
১৩ নভেম্বর রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে কয়েকজন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ম জানতে চান। এ প্রেক্ষিতে কমিশন সভায় আলোচনা করে ইসি সিদ্ধান্ত ঠিক করে।
দণ্ডবিধি ২১ ধারার ব্যাখ্যায় ইসি সচিব বলেন, “সাংবিধানিক পদে নিয়োগপ্রাপ্ত নয় এমন ব্যক্তি যারা লাভজনক পদে রয়েছে; তারা জনপ্রতিনিধি হোক বা অন্য কোনো ব্যক্তি হোক তারা যদি মনোনয়নপত্র দাখিল করতে চান, তাদের ওই পদ থেকে পদত্যাগপত্র পেশ করেই মনোনয়নপত্র জমা দিতে হবে। উপজেলা, জেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন, সরকারি প্রতিষ্ঠানে যারা চুক্তিভিত্তিক পদে রয়েছে, সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য হবে।”
তবে ব্যাংকের চেয়ারম্যান পদটি নিয়মিত কোনো লাভজনক পদ নয় জানিয়ে ইসি সচিব বলেন, এক্ষেত্রে পদত্যাগের প্রয়োজন হবে না।
৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের অংশ নিতে চাইলে বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২ ডিসেম্বর বাছাই ও ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে।
