নিজেদের প্রতীকে ভোট করবে জাপার দুই শরিক
হুসেইন মুহম্মদ এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের দুই শরিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ খেলাফতে মজলিস নিজেদের প্রতীকে নির্বাচন করবে বলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।
সম্মিলিত জাতীয় জোটের প্রধান মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের লাঙ্গল প্রতীক নয়, তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে।”
তিনি জানান, গত রোববার তারা এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অবহিত করেছেন।
এম এ মান্নানের দল ইসলামী ফ্রন্ট ২০০৮ সালে ২০ নভেম্বর মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। একই দিনে রিকশা প্রতীক নিয়ে নিবন্ধন পায় মাওলানা হাবিবুর রহমানের দল বাংলাদেশ খেলাফত মজলিস।
বাংলাদেশ খেলাফত মজলিসের দপ্তর সম্পাদক আজিজুর রহমান হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিজেদের প্রতীকে নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। দলের পক্ষ থেকে ও সম্মিলিত জোটের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।”
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিনও নিজেদের প্রতীকে ভোট করার কথা বলেছেন।
গত বছর ৫ মে জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটে যোগ দেয় ইসলামী ফ্রন্ট। আর এ বছর ১১ অগাস্ট এক অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদকে ‘ইসলাম রক্ষার ইমাম’ মেনে সম্মিলিত জাতীয় জোটে যোগ দেয় হাবিবুর রহমানের দল খেলাফতে মজলিস।
সম্মিলিত জাতীয় জোটের সবচেয়ে বড় দল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছে। তবে জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করবে, না ৩০০ আসনে নিজেরা প্রার্থী দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন হাওলাদার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি গত ১১ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি করেছে। এই কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এরপরই জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে।
মহাজোটে গেলে অথবা না গেলে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে কীভাবে আসন ভাগাভাগি করবেন- এ প্রশ্নে হাওলাদার বলেন, “আমরা ৩০০ আসনে নিজেদের প্রার্থী মনোনয়ন সম্পন্ন করব। তারপর আমরা জোটের শরিকদের সঙ্গে বসব। কতগুলো আসন তাদের সঙ্গে ভাগ করব, এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আরো দেরি হবে।”
প্রার্থী বাছাই প্রসঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, “যারা জনপ্রিয় এবং দেশ ও দশের মঙ্গলে অবদান রাখতে পারবে তাদেরই মনোনয়ন দেওয়া হবে।”
নির্বাচন কমিশনের পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর। তার আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
