২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও নৌকা প্রতীক চায় জাসদ ও তরিকত

সরকারের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ তরিকত ডোরেশন (বিটিএফ) আগেরবারের মত একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2018, 01:21 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

পুরনো খবর:

ভোটে জোটের তথ্য দিতে ৩৯ দলকে ইসির চিঠি
মশাল নিয়ে আম্বিয়ার রিট আবেদন খারিজ
মশাল ইনুর, সিদ্ধান্ত দিল ইসি

জাসদের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন এ বিষয়ে তাদের সভাপতি হাসানুল হক ইনুর চিঠি প্রধান নির্বাচন কমিশনারকে পৌঁছে দেন। জাসদের ‘মশাল’ প্রতীকের পাশাপাশি আওয়ামী লীগের নৌকা প্রতীক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে সেখানে।  

তরিকত ডোরেশনের মহাসচিব রোজউল হক চাঁদপুরী এ বিষয়ে তাদের চিঠি ইসিতে নিয়ে যান। সেখানে বলা হয়, ১৪ দলের সঙ্গে জোটভুক্ত হয়ে নৌকা প্রতীক ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তরিকত ডোরেশন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরীক জাসদ এর আগে নবম ও দশম সংসদ নির্বাচনে কয়েকটি আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে। তথ্যমন্ত্রী ইনু নিজেও কুষ্টিয়া-২ আসন থেকে গেল দুইবার জোটগতভাবে নৌকা প্রতীকে নির্বাচন করে জিতে এসেছেন।

২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে জাসদ ও ওয়ার্কার্স পার্টির সঙ্গে বাংলাদেশ তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক ব্যবহার করে।

সিইসিকে দেওয়া জাসদ সভাপতির চিঠিতে বলা হয়, “আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় জোটের শরীক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনি প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।”

চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম-সচিবের কাছেও পাঠানো হয়েছে।

দুই বছর আগে জাসদে ভাঙন দেখা দিলে মশাল প্রতীক নিয়ে টানাটানি হয় হাসানুল হক ইনু-শিরীন আখতার এবং শরীফ নুরুল আম্বিয়া-নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন অংশের।

পরে অবশ্য নির্বাচন কমিশন ইনু-শিরীনের অংশটিকেই মূল জাসদের স্বীকৃতি দেয়, যার ফলে মশাল প্রতীকটিও তাদের হাতেই থাকে।

জাসদের অন্য অংশটিকে নতুন করে নিবন্ধন ও প্রতীক নিতে হবে বলে জানিয়ে দেয় ইসি।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েও বিফল হয় আম্বিয়া-প্রধানের জাসদ। 

এদিকে বিকল্পধারা বাংলাদেশ জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে ‘পরিষ্কার’ ব্যাখ্যা চেয়ে ইসি সচিবকে চিঠি দিয়েছে।

জোটবদ্ধ নির্বাচন করলে নিজস্ব প্রতীকে নিয়ে ভবিষ্যতে নির্বাচন করতে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করলে ভবিষ্যতে জোটবদ্ধ হয়ে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব পড়বে কি না তা জানতে চাওয়া হয়েছে দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক স্বাক্ষরিত চিঠিতে।