২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ইসরায়েল-হিজবুল্লাহ লড়াই শুরু, নিহত ৩

গাজার ফিলিস্তিনিদের পক্ষ হয়ে সীমান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানগুলোতে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2023, 02:46 PM

Updated : 02 Dec 2023, 02:46 PM

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলে গোলাবর্ষণে লেবাননের দক্ষিণাঞ্চলে তিনজন নিহত হয়েছে।

হামাসের মিত্র হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে তাদের এক যোদ্ধা আছে।

হিজবুল্লাহ জানায়, তারা গাজার ফিলিস্তিনিদের পক্ষ হয়ে সীমান্তে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।  

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা লেবানন থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করেছে, এরপর তারা লেবাননের যেখান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে সেখানে গোলাবর্ষণ করেছে। তারা ‘সন্ত্রাসীদের একটি সেলে’ আঘাত হেনেছে বলেও দাবি করেছে।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠে, এতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছুটাছুটি শুরু করেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের গোলাবর্ষণে লেবাননের সীমান্ত শহর হাউলায় দুইজন এবং জেবেইন গ্রামে একজন নিহত হয়।

হাউলা শহরের মেয়র সাকিব কুতায়েক জানান, ইসরায়েলি গোলায় শহরটিতে এক বৃদ্ধা ও তার ৩৫ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন, তারা দু’জনের বেসামরিক। 

তিনি বলেন, “একটি গোলা তাদের বাড়ির কাছে গিয়ে পড়ে, এরপর দ্বিতীয় আরেকটি তাদের বাড়িতে আঘাত হানে।” 

কিন্তু পরে হিজবুল্লাহ জানায়, হাউলায় তাদের এক সদস্য নিহত হয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে প্রায় প্রতিদিন রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। ইসরায়েল দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র ও গোলা হামলা চালিয়ে তার জবাব দিচ্ছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

গাজায় নতুন করে শুরু হওয়া লড়াই দ্বিতীয় দিনে গড়িয়েছে
ইসরায়েলের রকেট হামলা প্রতিহতের দাবি সিরিয়ার