শেয়ারবাজারে অ্যানথ্রপিকের অভিষেকেই মিলিয়নেয়ার প্রায় সব কর্মী
নতুন মিলিয়নেয়ারদের এই ঢল স্যান ফ্রান্সিসকোর আবাসন বাজারে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোম্পানি অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক প্রতিষ্ঠানটির অধিকাংশ কর্মীকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিয়েছে, কেউ কেউ হয়েছেন শতকোটি ডলারের মালিক।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার নথির বরাতে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অ্যানথ্রপিকের কর্মীসংখ্যা ছিল ৫ হাজার ৩০০। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার নির্ধারণের পর প্রায় ৬০০ কর্মীর হাতে থাকা শেয়ারের দাম ছাড়িয়েছে ১০ কোটি ডলারে। তাদের বলা হচ্ছে ‘সেন্টিমিলিয়নেয়ার’।
বেসরকারি কোম্পানির শেয়ারের মূল্য পর্যবেক্ষণকারী কোম্পানি হিল ডটকমের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিকের প্রায় ২ হাজার ৮০০ কর্মীর হাতে থাকা শেয়ারের মূল্য ১ কোটি ডলারের বেশি। আর প্রায় ৫ হাজার ১০০ কর্মী, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ৯৬ শতাংশ, তাদের হাতে থাকা শেয়ারের দাম ১০ লাখ ডলার ছাড়িয়েছে।
সিএনএন লিখেছে, অ্যানথ্রপিকের ভেতরে কর্মীদের ডাকা হয় ‘অ্যান্টস’ বা পিঁপড়ে নামে।
হিলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন সিএনএনকে বলেন, “এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এত অল্প সময়ে কী ঘটে গেল!”
অ্যানথ্রপিকে কর্মী চলে যাওয়ার হার খুব কম জানিয়ে তিনি বলেন, “অনেক দিন ধরেই স্পষ্ট যে অ্যানথ্রপিক দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে যেতে চান না, কারণ তারা জানেন, চলে গেলে কী ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে।”
সিলিকন ভ্যালির স্টার্টআপ কোম্পানিগুলোতে কর্মীদের বেতন ও শেয়ার মিলিয়ে পারিশ্রমিক দেওয়ার চল রয়েছে। এসব কোম্পানির হাতে সাধারণত নগদ অর্থ কম থাকে। ভবিষ্যতে কোম্পানি বিক্রি কিংবা শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা কর্মীদের পরিশ্রম করতে এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে উৎসাহিত করে।
তবে অ্যানথ্রপিকের মত এত বড় পরিসরে এবং এত দ্রুত বেড়ে ওঠার নজির খুব বেশি কোম্পানির নেই। ২০২১ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির কর্মীসংখ্যা ২০২৪ সালের শেষ দিকেও ছিল হাজারের কম।
বেনসনের মতে, প্রযুক্তি কোম্পানিগুলোতে আর্থিক লাভের ক্ষেত্রে পদে জ্যেষ্ঠ হওয়ার চেয়ে আগে যোগ দেওয়ার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।
“আপনি কোম্পানিতে ছোট পদে থাকতে পারেন। কিন্তু ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকলে, এ বছরের শুরুতে যোগ দেওয়া কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার তুলনায় আপনার আর্থিক প্রাপ্তি অনেক বেশি হতে পারে।”
ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তির কোম্পানি স্পেসএক্স গত জুনে শেয়ারবাজারে আসে। তার আগে দুই দশকের বেশি সময় প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে পরিচালিত হয়। আইপিওর পর স্পেসএক্স এর ২২ হাজার কর্মীর মধ্যে প্রায় ৪ হাজার ৪০০ জন কোটিপতি বনে যান।
অ্যানথ্রপিকের আইপিওর আরেকটি ব্যতিক্রমী দিক হল, প্রতিষ্ঠাতাদের বাইরে অন্য কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রথম দিন থেকেই শেয়ার বিক্রির সুযোগ দেওয়া। সাধারণত আইপিওর পর কর্মীদের শেয়ার বিক্রির ওপর তিন থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা থাকে, যা ‘লকআপ পিরিয়ড’ নামে পরিচিত।
তবে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ক্ষেত্রে ধাপে ধাপে শেয়ার বিক্রির সুযোগ রাখা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠাতা নন—এমন অভ্যন্তরীণ শেয়ারধারীরা প্রথম দিন থেকেই তাদের হাতে থাকা শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশ বিক্রি করতে পারবেন। বৃহস্পতিবার এই সুযোগ কতজন নিয়েছেন, তা জানা যায়নি।
স্পেসএক্সের কর্মীরা যেমন টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছেন, অ্যানথ্রপিকের কর্মীদের বড় অংশই স্যান ফ্রান্সিসকোতে কেন্দ্রীভূত। প্রযুক্তি খাতের কর্মীদের সম্পদ বৃদ্ধির প্রভাবে শহরটির অর্থনীতিতে আগেও বড় পরিবর্তন এসেছে।
সিএনএন লিখেছে, অ্যানথ্রপিকের কর্মীদের বেশিরভাগের হঠাৎ কোটিপতি হয়ে ওঠার প্রভাব স্যান ফ্রান্সিসকোর আবাসন বাজারেও পড়তে পারে। শহরটিতে বাড়ির দাম এমনিতেই কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে।
রিয়েল এস্টেট কোম্পানি রেডফিনের তথ্য অনুযায়ী, অক্টোবরে স্যান ফ্রান্সিসকোতে একটি বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ ডলার। এক বছর আগের তুলনায় তা প্রায় ১৯ শতাংশ বেশি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় রিয়েলটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশটিতে বাড়ির গড় বিক্রয়মূল্য ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলারে অপরিবর্তিত ছিল।
