২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ভাঙারির বস্তা উল্টে ঢালতেই বিকট শব্দে বিস্ফোরণ, আহত ২

পুলিশ জানায়, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 07:22 PM

Updated : 20 Nov 2026, 07:22 PM

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তাভর্তি ভাঙারি উল্টে ঢালার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও দোকানি আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের মজমপুর রেললাইনের পাশে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. জাকির হোসেন।

আহতরা হলেন- শহরের কোর্টপাড়া এলাকার জব্বারের ছেলে ভাঙারি বিক্রেতা সুমন (৩৫) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানি রুহুল আমিন (৪২)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সুমন বিভিন্ন জায়গা থেকে পুরোনো জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করেন। শুক্রবার দুপুরে তিনি বস্তাভর্তি ভাঙারি নিয়ে রুহুল আমিনের দোকানে যান। ওজন করার আগে বস্তার ভাঙারি দোকানে ঢালছিলেন তিনি। এ সময় বস্তা থেকে লাল টেপে মোড়ানো একটি বস্তু মাটিতে পড়তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে সুমন ও রুহুল আমিন আহত হন। বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন বলেন, আহত সুমন ও রুহুল আমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন বলেন, আহত দুজনের পায়ে আঘাত লেগেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।