১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ, প্রজ্ঞাপন জারি

এতদিন কেবল রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Oct 2026, 05:22 PM

Updated : 19 Oct 2026, 05:52 PM

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়াই দেশের পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির দুয়ার খুলল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এ আদেশ অনুযায়ী, সরাসরি তালিকাভুক্ত হতে পারবে—

  • পুরো সরকারি মালিকানাধীন বা সরকারের অন্তত ৫১ শতাংশ মালিকানাধীন কোম্পানি;

  • যে কোম্পানিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা রয়েছে এবং কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ রয়েছে;

  • সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানি বা বিদেশিদের অন্তত ৫১ শতাংশ মালিকানাধীন কোম্পানি;

  • সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি;

  • বছরে অন্তত ১ হাজার কোটি টাকা টার্নওভার রয়েছে—এমন কোম্পানি;

  • কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি বা ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি এবং

  • কমিশন ঘোষিত যোগ্য কোম্পানি।

২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তির পদ্ধতি চালুর পর থেকে শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পাঁচটি রাষ্ট্রায়ত্ত ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান। রাষ্ট্রায়ত্ত কাম্পানিগুলো হলো— ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস। বেসরকারি কোম্পানি হলো— শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মুলেশনস, নাভানা সিএনজি, ওশান কনটেইনারস ও খুলনা পাওয়ার কোম্পানি।

যদিও ২০০৯ সালের ৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, এ পদ্ধতিতে কেবল রাষ্ট্রায়ত্ত কোম্পানিই শেয়ার ছাড়তে পারবে। তবে সিদ্ধান্তের আগে আবেদন করায় ওশান কনটেইনারস ও খুলনা পাওয়ারকে ২০১০ সালে তালিকাভুক্তির অনুমোদন পায়।

এরপর কেবল রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ ছিল।