১০টির বেশি খুন, রুয়ান্ডার ‘সিরিয়াল কিলার’ গ্রেপ্তার
তার শিকার বেশিরভাগ নারী এবং পুরুষ যৌনকর্মী ছিলেন।
রুয়ান্ডায় ভাড়া দিতে না পারায় এক ব্যক্তিকে বাড়ি থেকে উচ্ছেদে করতে গিয়ে বেরিয়ে আসে রোমহর্ষক এক ঘটনা, যখন তার রান্নাঘরের মেঝে খুঁড়ে একে একে বের করা হয় ১০টির বেশি কঙ্কাল। ৩৪ বছর বয়সী ওই ‘সিরিয়াল কিলার’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার শিকার বেশিরভাগ নারী এবং পুরুষ যৌনকর্মী ছিলেন। রাজধানী কিগালির উপকণ্ঠে কিকুকিরোতে বসবাস করতেন ওই ব্যক্তি। কয়েক মাস ধরে ভাড়া না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দিতে গত সোমবার পুলিশ ডাকা হয়। পুলিশ তাকে উচ্ছেদ করতে গেলে সে পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে বলে স্থানীয় একটি সংবাদপত্রকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “এরপর ওই ব্যক্তি ক্ষমা চায় এবং অতিরিক্ত কান্নাকাটি শুরু করে, যা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ স্টেশনে গিয়ে সে কয়েকজনকে হত্যা করার কথা স্বীকার করে এবং এ নিয়ে তদন্ত শুরু হয়।”
ওই ব্যক্তি সাধারণত লোভ দেখিয়ে যৌনকর্মীদের তার বাড়িতে নিয়ে যেতেন এবং তাদের মোবাইল, টাকাপয়সা কেড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করতেন। তারপর লাশ রান্নাঘরে একটি গর্তের মধ্যে মাটিচাপা দিতেন। গর্ত থেকে বেশ কয়েকটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কয়জনকে সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে, তা বোঝা যাচ্ছে না। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদ সূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
