২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের এক বোমায় গাজায় ৭৬ স্বজনসহ জাতিসংঘের ত্রাণকর্মী নিহত

ইসাম আল-মুঘরাবি প্রায় ৩০ বছর ইউএনডিপির প্রোগ্রাম অব অ্যাসিসটেন্স টু দ্য প্যালেস্টিনিয়ান পিপুল এর হয়ে কাজ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 01:17 PM

Updated : 24 Dec 2023, 01:17 PM

গাজায় ইসরায়েলের বিমান হামলায় জাতিসংঘের একজন প্রবীণ ত্রাণকর্মী তার স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ৭৬ সদস্যের সঙ্গে নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএনডিপি।

ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানায় এনডিটিভি।

বলা হয়, গাজা সিটির কাছে শুক্রবার ইসরায়েলের একটি বোমা হামলায় ৫৬ বছরের ইসাম আল-মুঘরাবি তার স্ত্রী, পাঁচ সন্তান এবং কয়েক ডজন আত্মীয়-স্বজনসহ নিহত হয়েছেন।

“ইসাম প্রায় ৩০ বছর ইউএনডিপির প্রোগ্রাম অব অ্যাসিসটেন্স টু দ্য প্যালেস্টিনিয়ান পিপুল এর হয়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। আমরা সব সময় তাকে আমাদের দলের একজন প্রিয় সদস্য হিসেবে মনে রাখবো।”

ইউএনডিপি-র প্রধান আখিম স্টাইনার ওই বিবৃতিতে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বানও জানান। বলেন, সেখানে যে পরিমাণে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তার মধ্যে ত্রাণ বিতরণ কঠিন হয়ে পড়েছে। অথচ সেখানে যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষের বেঁচে থাকার জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ প্রয়োজন।

তিনি লেখেন, “গাজায় জাতিসংঘ এবং বেসামরিক বাসিন্দারা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন না। এই যুদ্ধ বন্ধ করতেই হবে। ইসামের পরিবারসহ গাজার অসংখ্য পরিবার যে বেদনা ও দুর্ভোগের মধ্য দিয়ে গেছে আর কোনো পরিবারকে যেন সেটা ভুগতে না হয়।”

হামাসের হামলার পর গত ৭ অক্টোবর থেকে গাজায় তীব্র সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ১১ সপ্তাহের যুদ্ধে সেখানে ২০ হাজার ২৫৮ জনের প্রাণ গেছে। নিহতদের একটি বড় অংশ শিশু।

ইসামের পরিবারসহ গাজায় শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০১ জন মারা গেছে।

ভূমধ্যসাগরের উপকূলের ছোট্ট এই ভূখণ্ডটির ২৩ লাখ বাসিন্দার ৮৫ শতাংশের বেশি এখন বাস্তুচ্যুত। পাঁচ লাখের বেশি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে বলেও জানিয়েছে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা।