১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

‘তেরঙা যাত্রা’ ঠেকাতে নোটিস নিয়ে বাসায় পুলিশ, দীপকে বললেন ‘ফাঁসিতে ঝোলান আমাকে’

পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান দীপকে; নোটিস হাতে নিয়ে পুলিশকে নানা প্রশ্ন করেন।

‘তেরঙা যাত্রা’ ঠেকাতে নোটিস নিয়ে বাসায় পুলিশ, দীপকে বললেন ‘ফাঁসিতে ঝোলান আমাকে’

দিল্লিতে অভিজিৎ দীপকের বাড়ির বাইরে পুলিশ। ছবি: পিটিআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 05:42 PM

Updated : 16 Oct 2026, 06:20 PM

দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তেরঙা যাত্রা’ কর্মসূচি ঠেকাতে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয়েছে পুলিশ।

শুক্রবার বিকালে ওই কর্মসূচির হওয়ার কথা ‍রয়েছে। তার আগেই পুলিশ দিল্লিতে দীপকের বাসায় নোটিস নিয়ে হাজির হয়েছে।

এসময় তাদের সঙ্গে বিতণ্ডায় জড়ান দীপকে। নোটিস হাতে নিয়ে পুলিশের উদ্দেশে নানা প্রশ্ন করেন।

ওই ঘটনায় ছড়ানো ভিডিওর বরাতে এনডিটিভি লিখেছে, নোটিসে দীপকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ‘তিনি সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে উস্কে দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি’।

তবে দীপকে নোটিস হাতে নিয়ে বলেছেন, “আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিস? নোটিস এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।”

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সিজেপি ও অন্যান্য যুব সংগঠন। এর আগে দিল্লির যন্তর মন্তরেও তারা কর্মসূচি দিয়েছিল। শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি রয়েছে তাদের।

নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ইতোমধ্যে ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে এই কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ দীপকের বাসায় যায়।

৩১ বছর বয়সি দীপকে মহাত্মা গান্ধীর ছবি ছাপা সাদা টিশার্ট ও নীল ডেনিম প্যান্ট পরেছিলেন।

পুলিশ তার বিরুদ্ধে জনগণকে উস্কানির যে অভিযোগ তুলেছে, তার প্রতিবাদ জানিয়ে দীপকে বলেন, “আপনারা এমন একটাও ভিডিও দেখাতে পারবেন না।”

সিজেপির তেরঙা যাত্রা’ কর্মসূচির আরেকটি কারণ দলটির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তার।

পুলিশ দীপকে তার বাসায় বলেছে, তেরঙ্গা বা জাতীয় পতাকা ওড়ানো আইনের পরিপন্থি নয়, তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং জনসমাগম ঘটানো বিধিনিষেধের লঙ্ঘন হবে। পুলিশ সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেবে। জাতীয় পতাকার প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শনের যে বাধ্যবাধকতা ও নিয়ম রয়েছে, সে সম্পর্কেও তাকে বলা হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, কনট প্লেস ও আশপাশের এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস) এর ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা আগেই বলবৎ করা হয়েছে।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রধান বাণিজ্যিক কেন্দ্রটি যন্তর মন্তরের পথে পড়েছে।