২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা তীব্র হচ্ছে

গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 11:25 AM

Updated : 11 Dec 2023, 12:19 PM

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের পাশাপাশি লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সহিংসতার মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে।

রোববার হিজবুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে বিস্ফোরক ভর্তি ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রাম ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে।

৭ অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের সীমান্তবর্তী লক্ষ্যস্থলগুলোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এর আগে ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া মাসব্যাপী এক যুদ্ধের পর থেকে এটিই দু’পক্ষের মধ্যে শুরু হওয়া সবচেয়ে তীব্র সহিংসতা। তবে এ সহিংসতা মূলত দুই দেশের সীমান্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

লেবাননের আইতারুন শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তা আলি হিজাজি জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “খোদা রক্ষা করায় হামলায় কেউ মারা যায়নি। তিন নারী ও দুইজন পুরুষ আহত হয়েছে।”

এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনীতিক হাসান ফাদাল্লাহ জানিয়েছেন, ইসরায়েলের বিমান হামলা ‘নতুন করে সহিংসতা বাড়িয়েছে’, হিজবুল্লাহ ‘নতুন ধরনের আক্রমণ’ চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, ‘আকাশপথে সন্দেহজনক লক্ষ্যবস্তু’ লেবানন সীমান্ত অতিক্রম করেছে আর সেগুলোর মধ্যে দু’টিকে বাধা দেওয়া হয়েছে। এ হামলায় ইসরায়েলের দুই সেনা ‘মাঝারি মাত্রার জখম’ হয়েছে আর অন্য বেশ কয়েকজন সামান্য আহত হয়েছে।

এর জবাবে ইসরায়েলের জঙ্গি বিমানগুলো ‘লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যস্থলগুলোতে ধারাবাহিক ব্যাপক হামলা চালিয়েছে ‘, জানিয়েছে তারা। লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজানো হয়।

লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দারা পরিষ্কার নীল আকাশে দুটি যুদ্ধবিমান উড়ে যেতে দেখেছেন, সেগুলো পেছনে ধোঁয়ার সাদা রেখা রেখে যায়।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে তাদের হামলার লক্ষ্য গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের সমর্থন জানানো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ পূর্ণ যুদ্ধ শুরু করলে বৈরুতকে ‘গাজায়’ পরিণত করা হবে।

দক্ষিণ লেবাননে থাকা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল এক বিবৃতিতে বলেছে, “যে কোনো ভুল বোঝাবুঝির পরিণামে সম্ভাব্য বিস্তৃত একটি সংঘাত শুরু যাওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে।”

হিজবুল্লাহ জানিয়েছে, ইয়ারা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্টে ড্রোন হামলা চালিয়েছে তারা। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকটি লক্ষ্যে হামলা চালাতে বুরকান (আগ্নেয়গিরি) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রগুলো কয়েকশ কেজি বিস্ফোরক বহন করতে পারে।

আরও পড়ুন:

পুরনো খবর:

হামাস-ইসরায়েল যুদ্ধ: ক্ষীণ হয়ে আসছে নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা
গাজার ‘নিরাপদ এলাকা’ হিথ্রো বিমানবন্দরের চেয়েও ছোট