২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার ‘নিরাপদ এলাকা’ হিথ্রো বিমানবন্দরের চেয়েও ছোট

ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ছোট্ট আল-মাওয়াসি এলাকায় প্রায় ২০ লাখ মানুষকে আশ্রয় নিতে বলেছে ইসরায়েল।

গাজার ‘নিরাপদ এলাকা’ হিথ্রো বিমানবন্দরের চেয়েও ছোট

ছবি: বিবিসি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 07:49 PM

Updated : 11 Dec 2023, 12:58 AM

গাজাজুড়ে সামরিক হামলা জোরদার করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইসরায়েলের সেনাবাহিনী গাজার প্রায় ২০ লাখ মানুষকে 'মানবিক অঞ্চলে’ চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। অথচ নিরাপদ এই অঞ্চল আয়তনে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের চেয়েও ছোট। নাম আল-মাওয়াসি।

বিবিসি জানায়, আল-মাওয়াসি মূলত ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি সংকীর্ণ অঞ্চল। এটিতে কয়েকটি ভবন রয়েছে। অঞ্চলটির বেশিরভাগ এলাকাই মূলত বালুময় টিলা এবং কৃষি জমি নিয়ে গঠিত।

আল-মাওয়াসিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ‘ইসরায়েল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ) ‘সেফ জোন’ (নিরাপদ অঞ্চল) বলে ঘোষণা করেছে। এর আয়তন মাত্র ৮ দশমিক ৫ বর্গ কিলোমিটার। সেখানে শরণার্থীদের জন্য পর্যাপ্ত কোনও সুযোগ-সুবিধা নেই।

প্রাণ বাঁচাতে এ অঞ্চলে আশ্রয় নিয়েছেন রিম আবদ রাবু নামের এক ফিলিস্তিনি। তিনি কয়েক সপ্তাহ মাটিতে ঘুমিয়েই কাটিয়েছেন। এলাকার আরও চারটি পরিবারের সঙ্গে তিনি একটি তাঁবুতে থাকছেন। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত হওয়া ১৮ লাখ মানুষের মধ্যে রাবুও একজন।

ইসরায়েলের হামলা থেকে বাঁচতে প্রথমে উত্তর গাজা থেকে পালিয়ে খান ইউনিসে চলে যান তিনি। পরে সেখানকার আশেপাশের বাড়িগুলোতে অবিরাম বোমা হামলার মুখে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশানুযায়ী আল-মাওয়াসিতে আশ্রয় নেন।

বিবিসি-কে রিম আবদ রাবু জানান, আল-মাওয়াসি মূলত একটি পরিত্যক্ত জায়গা। এ জায়গা মানুষের থাকার উপযোগী নয়। তিনি বলেন, “এখানে ১০ দিনে পানি একবারের জন্য আসে। এমনকি বাথরুমগুলোতেও একই অবস্থা। বিদ্যুতের অবস্থাও একইরকম।”

যদিও গত ২ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর মুখপাত্র স্যোশাল মিডিয়ায় অন্তত ১৫ বারের মতো গাজার অধিবাসীদের আল-মাওয়াসিতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত প্রথম নির্দেশটি দেওয়া হয় গত ১৮ অক্টোবর সাবেক টুইটার এক্স-এ।

পোস্টে বলা হয়, "আইডিএফ গাজার বাসিন্দাদের আল-মাওয়াসি এলাকায় ‘মানবিক অঞ্চলে’ চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। সেখানে প্রয়োজনে আন্তর্জাতিক মানবিক সহায়তা পাঠানো হবে।"

গত ২১ অক্টোবর আরেকটি পোস্টে বলা হয়, "যদি আপনার জীবন এবং আপনি যাদের ভালবাসেন তাদের জীবন আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে ওয়াদি গাজার দক্ষিণে চলে যান। আমরা আপনাকে আমাদের নির্দেশনা অনুযায়ী মাওয়াসিতে মানবিক এলাকায় পৌঁছানোর পরামর্শ দিচ্ছি।"

ইন্টারনেট সংযোগ খুব কম থাকার কারণে গাজার অন্যান্য অঞ্চলে নিরাপদ জায়গা খুঁজে পাওয়া মানুষের জন্য কঠিন হচ্ছে। তাছাড়া, আল-মাওয়াসি নিয়েও আইডিএফ এর নির্দেশনা কয়েকবার পরিবর্তন হয়েছে। এর ফলে ঠিক কোথায় গেলে নিরাপদে থাকা যাবে সেটি বুঝতে পারা মুশকিল হচ্ছে বলে জানিয়েছেন অধিবাসীরা।

আইডিএফ এর প্রতিটি পোস্টের মানচিত্রে আল-মাওয়াসিতে একটি ছোট এলাকা দেখিয়ে সেখানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। তবে বিভিন্ন সময়ে ইসরায়েল আল মাওয়াসির বিভিন্ন এলাকাকে ‘মানবিক অঞ্চল’ বলে চিহ্নিত করেছে।

গত ১৮ অক্টোবর আইডিএফ বেগুনি চিহ্ন দিয়ে একটি এলাকাকে মানবিক অঞ্চল বলে জানায়। এর তিনদিন পর নীল দিয়ে আরেকটি এলাকাকে ‘মানবিক অঞ্চল’ ঘোষণা করা হয়। এরপর ৩০ অক্টোবর সবুজ দিয়ে চিহ্নিত করা হয় আরেকটি এলাকাকে।

প্রতিদিনই বাড়ছে বিপদ:

আল-মাওয়াসিতে আশ্রয় নেওয়া এক শরণার্থী মোনা আল-আসতাল। আশেপাশে গোলাগুলির শব্দে তিনি সারা রাত ঘুমাতে পারেন না। পেশায় তিনি চিকিৎসক। তার প্রতিবেশীর বাড়িতে বোমা হামলার পর বাধ্য হয়ে বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। 

মোনা জানান, মানবিক অঞ্চলে পানি নেই, বিদ্যুৎ এবং খাবার সরবারাহও নেই। এমনকি তাকে ৩০০ মার্কিন ডলার দিয়ে তাঁবু ও অন্যান্য জিনিসপত্র কিনতে হয়েছে। 

মোনা সচক্ষে জাতিসংঘের একটি সংস্থার খাদ্য গুদাম ভেঙে মানুষকে খাবার নিতে দেখেছেন। কেননা তারা চরম ক্ষুধার্ত। খাওয়ার মতো কিছুই তাদের কাছে নেই।

তিনি বলেন, উকুন, চিকেন পক্স ও অন্ত্রের সংক্রমণ শিশুদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে, “যতই দিন যাচ্ছে আমাদের জন্য ঝুঁকি ততই বাড়ছে।”

মোহাম্মদ ঘানেম নামের একজন উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পাশেই থাকতেন। তার বাড়ির আশেপাশে প্রায় ২৫ টি হামলা হওয়ার পর তিনি আল-মাওয়াসিতে আশ্রয় নেন।

ঘানেম বলেন, "ইসরায়েলি সেনাবাহিনী লোকজনকে এখানে আসার নির্দেশ দিচ্ছে। কিন্তু এলাকাটি মানবিক বা নিরাপদ কোনটিই নয়।"

তিনি জানান, মানবিক এই অঞ্চল থেকে ইসরায়েলের ট্যাংক এক কিলোমিটারেরও কম দূরে অবস্থান করছে। এমনকি মাত্র ৫০০ মিটার দূরেও হামলা হয়েছে।