০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইউক্রেইনে পারমাণবিক কেন্দ্রের কাছে গোলাবর্ষণ, বাড়ছে বিপর্যয়ের শঙ্কা

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের ক্ষত বহন করা ইউক্রেইনে আরেকটি পারমাণবিক দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা বেড়ে চলেছে।

ইউক্রেইনে পারমাণবিক কেন্দ্রের কাছে গোলাবর্ষণ, বাড়ছে বিপর্যয়ের শঙ্কা

ইউরোপ ও ইউক্রেইনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া বর্তমানে রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণে আছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 12:29 PM

Updated : 29 Aug 2022, 06:53 PM

রাশিয়ার বাহিনী জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিপ্রো নদীর অপর পাড়ের ইউক্রেইনীয় শহরগুলোতে গোলাবর্ষণ করছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশে গোলাবর্ষণ করা হচ্ছে, এমন খবরে তেজস্ক্রিয় বিপর্যয়ের আশঙ্কা যখন বেড়ে চলেছে তার মধ্যেই সেখান থেকে রুশ বাহিনী গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করলেন ইউক্রেইনীয় কর্মকর্তারা।

অপরদিকে ইউক্রেইনীয় বাহিনীর ছোড়া গোলা জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণে পড়েছে বলে অভিযোগ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

মার্চেই ইউরোপ ও ইউক্রেইনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেপোরোজিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী, তাদের তত্ত্বাবধানে ইউক্রেইনীয় কর্মকর্তারাই এখনও কেন্দ্রটি পরিচালনা করছেন। আর এখন এটি ছয় মাস ধরে চলা ইউক্রেইন যুদ্ধে লড়াইয়ের একটি প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। সম্প্রতি কেন্দ্রটির কাছে গোলাবর্ষণের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

ইউক্রেইনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক রোববার রাতে তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, রুশ বাহিনীগুলো এনেরহোদারে গোলাবর্ষণ করছে। ভিডিওতে দমকল কর্মীদের জ্বলতে থাকা কিছু গাড়ির আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

রাশিয়া বাহিনী ইউক্রেইনের প্রধান শিল্পকারখানা অঞ্চল দনবাসেও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে বলে সেখানকার ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রোববার নিজের রাত্রিকালীন বক্তৃতায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “আমাদের প্রতিরোধকারীদের পরবর্তী কার্যক্রমে দখলদাররা তাদের পরিণতি অনুভব করবে। আমাদের শহরগুলোতে আক্রমণ চালানোর প্রত্যেক সন্ত্রাসীকেই জবাব দিতে হবে। জেপোরোজিয়া, অরিহিভ, খারকিভ, দনবাস- এর সবগুলোর জন্যই জবাব পাবে তারা।”

পুরানো খবর:

ইউক্রেইনের প্রসঙ্গ টানায় পরমাণু চুক্তির ঘোষণা আটকে দিল রাশিয়া

ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আক্রমণ শুরু করে রুশ বাহিনীগুলো; একে তারা প্রতিবেশী দেশটিকে ‘নব্যনাৎসী মুক্ত করতে’ চালানো ‘বিশেষ অভিযান’ বলে অভিহিত করে আসছে। ওই আক্রমণ থেকে শুরু হওয়া যুদ্ধ এখন প্রধানত ইউক্রেইনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চজুড়ে চলছে।

রোববার ইউক্রেইনীয় বাহিনী জেপোরোজিয়া বিদ্যুৎ কেন্দ্রে ফের গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মুখপাত্র ইগর কোনোশেঙ্কভ জানিয়েছেন, ইউক্রেইনীয় গোলন্দাজ বাহিনীর ছোড়া নয়টি গোলা বিদ্যুৎ কেন্দ্রটির প্রাঙ্গণে পড়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, “বর্তমানে সর্বক্ষণ কর্মরত থাকা প্রকৌশলীরা পারমাণবিক কেন্দ্রটির প্রযুক্তিগত অবস্থা পর্যবেক্ষণ এবং এর কার্যক্রম নিশ্চিত করছেন। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির এলাকায় বিকিরণ স্বাভাবিক পর্যায়ে আছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপর্যয়ের ক্ষত বহন করা ইউক্রেইনে আরেকটি পারমাণবিক দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা বেড়ে চলেছে। জেপোরোজিয়া কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আয়োডিন ট্যাবলেট বিতরণ করে কোনো দুর্ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ শুরু হলে কীভাবে এগুলো ব্যবহার করতে হবে তা শেখাচ্ছে।

ইউক্রেইনের পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনারহোয়াতোম জানিয়েছে জেপোরোজিয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে নতুন কোনো তথ্য তাদের কাছে নেই।