জেরুজালেমে পথচারীদের উপর গাড়ি, আহত ৫
ইসরায়েলের মেমোরিয়াল ডে এর দিন হামলার এই ঘটনা ঘটে।
জেরুজালেমে পথচারীদের উপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে আহত করার পর সন্দেহভাজন গাড়ি চালককে এক বেসামরিক নাগরিক গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।
বলেছে, সন্দেহভাজন ওই হামলাকারী অধিকৃত পূর্ব জেরুজালেমের বাসিন্দা একজন ফিলিস্তিনি।
ইসরায়েলের জাতীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিনগুলোর অন্যতম ‘মেমোরিয়াল ডে’ এর দিনে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
ইসরায়েলিরা মেমোরিয়াল ডে তে ১৮৬০ সাল থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদ হওয়ার সব সেনাসদস্য ও বেসামরিক নাগরিকদের স্মরণ করেন। এ বছর ২৪ এপ্রিল সন্ধ্যা থেকে ২৫ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত মেমোরিয়াল ডে পালন করা হবে।
মেমোরিয়াল ডে’র অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘এই হামলা ইসরায়েলের নাগরিকদের হত্যা করার আরো একটি চেষ্টা।
‘‘এই সন্ত্রাসী হামলাগুলি এই প্রত্যাশা নিয়ে করা হয় যে তারা আমাদের পরাস্ত করবে, তারা আমাদের এখান থেকে উপড়ে ফেলবে এবং যদি তারা পারতো তবে তারা আমাদের সবাইকে হত্যা করতো। কিন্তু তারা আমাদের পরাজিত করতে পারবে না; আমরা তাদের পরাস্ত করব।”
হামলার ঠিক পর মুহূর্তে ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গাঢ় রঙের একটি শেভ্রোলেট হ্যাচব্যাক, যেটির সামনের কাঁচ এবং জানালার কাঁচে ফাটল ধরা। গাড়িটি কিয়াহ স্ট্রিট এবং আগ্রিপাস স্ট্রিটের মাঝে একটি জেব্রা ক্রসিংয়ের উপর দাঁড়িয়ে আছে।
গাঢ় নীল রঙের টি-শার্ট এবং কালো জিন্স প্যান্ট পরা এক ব্যক্তিকে বনেটের উপর ঢলে পড়তে দেখা যাচ্ছে, তিনি নড়াচড়া করছিলেন না। পুলিশ এবং বেসামরিক লোকজন চারিদিকে জড়ো হয়েছেন।
